ভারতের সঙ্গে ট্রানজিট বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। বাণিজ্যমন্ত্রী বলেছেন, ‘ট্রানজিটের ব্যাপারে কোনো কিছু বাতিল করা হয়নি, আবার নতুন কিছু আরোপও করা হয়নি। যা ছিল তা-ই আছে।’ যোগাযোগ করা হলে গতকাল শনিবার রাতে ফারুক খান প্রথম আলোকে এ কথা বলেন। ফারুক খান জানান, ট্রানজিট নিয়ে সরকার কিছু সিদ্ধান্ত নিয়েছে। এগুলো হচ্ছে—প্রথম দফায় নেপাল, ভুটান ও ভারতের সঙ্গে আর দ্বিতীয় দফায় মিয়ানমার ও চীনের সঙ্গে ট্রানজিট। দেশের স্বার্থ রক্ষা করার পর প্রতিবেশী দেশের স্বার্থ রক্ষা করা এবং নৌ, সড়ক ও রেলযোগাযোগের উন্নয়নের মাধ্যমে বহুপক্ষীয় অর্থনৈতিক উন্নয়ন। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ভারতের সঙ্গে ট্রানজিট একটি ঐতিহাসিক সত্য। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই তা আছে। এটি নতুন কোনো ব্যাপার নয়। ফারুক খান বলেন, ট্যারিফ কমিশনের চেয়ারম্যানকে প্রধান করে করা কোর কমিটি, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং বেসরকারি সংস্থার করা ট্রানজিট-বিষয়ক প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ের হাতে এসেছে, যা বিবেচনাধীন।