ট্রানজিট হলে বাংলাদেশই লাভবান হবে: পঙ্কজ সরন

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন বলেছেন, বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে ট্রানজিট চালু হলে বাংলাদেশই সবচেয়ে লাভবান হবে। এর মধ্যেই এ ব্যাপারে আলোচনা চলছে। তিনি বলেন, আশা করি ট্রানজিট-সুবিধা শিগগিরই চালু হবে। এতে করে বাংলাবান্ধা স্থলবন্দরের গুরুত্ব আরও বেড়ে যাবে।
আজ মঙ্গলবার সকালে আশুগঞ্জ নৌবন্দর পরিদর্শন শেষে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিএ) জাহাজ তুরাগে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। সকাল ১০টায় আশুগঞ্জ নৌবন্দরে আসার পর পঙ্কজ সরন প্রথমে ত্রিপুরায় নিয়ে যাওয়ার জন্য আশুগঞ্জ বন্দরে নোঙর করা ভারতীয় চালবোঝাই চারটি কার্গো জাহাজ ঘুরে দেখেন।
ভারতের হাইকমিশনার আরও বলেন, অচিরেই আশুগঞ্জ কনটেইনার টার্মিনাল স্থাপন হবে। এখন সমীক্ষা চলছে। আশা করি শিগগিরই কাজ শুরু হবে। আর এর অর্থায়ন করবে ভারত।
ভারতের হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা) শফিকুল হক, পরিচালক (নৌ-সংরক্ষণ ও পরিচালন) মোহাম্মদ হোসেন, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, ব্রাহ্মণবাড়িয়া কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের বিভাগীয় কর্মকর্তা ও সহকারী কমিশনার মো. আহসান উল্লাহ, ভারতীয় পরিবহন ঠিকাদারি প্রতিষ্ঠান সারফেক্স করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সুনীল কাপুর, আশুগঞ্জ বন্দর পরিদর্শক মো. শাহ আলম প্রমুখ।