ট্রানজিটসহ যেকোনো চুক্তি জনগণের সামনে তুলে ধরা উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া বলেছেন, ভারতের সঙ্গে ট্রানজিটসহ প্রতিটি চুক্তি জনগণের সামনে তুলে ধরা উচিত। তা হলেই জনগণ জানতে পারবে, কী ধরনের চুক্তি হলো। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা গতকাল শুক্রবার সৌজন্য সাক্ষাৎ করতে গেলে খালেদা জিয়া এ কথা বলেন। দুপুরে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়ার আগে কৃষ্ণা গুলশানের কার্যালয়ে তাঁর সঙ্গে দেখা করেন। বাংলাদেশের সংবিধানে আন্তর্জাতিক চুক্তি সংসদে আলোচনার বিধান আছে কি না, তা বিরোধীদলীয় নেতার কাছে জানতে চান ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এতে ইতিবাচক উত্তর দেন খালেদা জিয়া। এ প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের রাজনৈতিক দল ও জনগণের পক্ষ থেকে চুক্তির বিষয় সংসদে তোলার দাবি করা উচিত। বৈঠক শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের জানান, ৩৫ মিনিটের বৈঠকে সীমান্তে বাংলাদেশের নাগরিকদের প্রাণহানি, পানিচুক্তিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। খালেদা জিয়া বলেছেন, আলোচনার মাধ্যমে বাংলাদেশ ও ভারতের অমীমাংসিত সমস্যাগুলোর সমাধান করতে হবে। আলোচনা করে সমস্যার সমাধান হলে আস্থার অভাব দূর হবে। পরস্পরের প্রতি আস্থা ও বিশ্বাস বাড়বে। এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান, তাঁর সরকার বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সমস্যা সমাধানে আন্তরিক।শমসের মবিন জানান, খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশ প্রতিবেশী সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। তবে সে সম্পর্ক হতে হবে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। সীমান্তে প্রতিনিয়ত বাংলাদেশি হত্যার কথা উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ভারত এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, যাতে আর কোনো হত্যাকাণ্ড না ঘটে।ট্রানজিট নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে শমসের মবিন চৌধুরী বলেন, এ ব্যাপারে কোনো আলোচনা হয়নি। সীমান্তে হত্যা বন্ধের দাবি জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেছেন, ‘সীমান্তে প্রতিবছর ভারত নিরস্ত্র-নিরীহ বাঙালিদের হত্যা করছে। এটা দ্রুত বন্ধ করা উচিত।’ এ বিষয়ে ভারত সরকারকে যথেষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।