ট্রানজিটে ত্রিপুরা গেল জ্বালানি তেলের প্রথম চালান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট-মৌলভীবাজার-শমশেরনগর ট্রানজিট সড়ক ব্যবহার করে গতকাল শনিবার ভারতের মেঘালয় থেকে জ্বালানি তেলের ১০ লরির প্রথম চালান বাংলাদেশে প্রবেশ করেছে। গতকাল বেলা তিনটায় মেঘালয় রাজ্যের ডাউকি হয়ে তামাবিল সীমান্ত তল্লাশিচৌকি দিয়ে বাংলাদেশে প্রবেশ করে বহরটি।
ভারতের আসামের রাজধানী গুয়াহাটি থেকে লরিগুলো গতকাল রাত সাড়ে নয়টার দিকে ত্রিপুরা রাজ্যের ঊনকোটি জেলার কৈলা শহরে পৌঁছানোর কথা রয়েছে।
আসাম থেকে ত্রিপুরায় ডিজেল, কেরোসিন, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসসহ জ্বালানি পরিবহনে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের বিষয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে গত ১৮ আগস্ট একটি সমঝোতা স্মারকে সই হয়। ভারী বৃষ্টি ও ভূমিধসে আসাম থেকে ত্রিপুরার মহাসড়ক (এনএইচ ৪৪) নষ্ট হওয়ায় বাংলাদেশ মানবিক কারণে ভারতের ওই অনুরোধে সাড়া দিয়েছে। এ স্মারক অনুযায়ী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জ্বালানি সরবরাহ করা যাবে।
সিলেটের তামাবিল তল্লাশিচৌকির ইমিগ্রেশন কর্মকর্তা সহকারী পরিদর্শক রনু মিয়া গতকাল বলেন, তামাবিলের ইমিগ্রেশন আনুষ্ঠানিকতা শেষে বিকেল সোয়া চারটায় সেখান থেকে ভারতীয় জ্বালানি তেলের লরিগুলো মৌলভীবাজারের চাতলাপুরের উদ্দেশে ছেড়ে যায়।
ট্রানজিট শুরুর পর সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, জ্বালানি তেলবাহী ট্যাংক লরি পরিবহনে প্রতি কিলোমিটারে টনপ্রতি ১ দশমিক ০২ পয়সা করে শুল্ক দেবে ভারতীয়রা।
মৌলভীবাজার থেকে চাতলাপুর পর্যন্ত ৩৪ কিলোমিটার সড়কের অধিকাংশ স্থানই সরু ও দুর্বল। জ্বালানি তেলভর্তি ভারতীয় লরিবহরের কারণে এ অংশে সড়কের কিছু ক্ষতি হওয়ারও সম্ভাবনা রয়েছে বলে এলাকাবাসী মনে করেন।
আগরতলা প্রতিনিধি জানান, ভারতকে এই সুবিধা দেওয়ায় ত্রিপুরার পরিবহনমন্ত্রী মানিক দে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। প্রথম আলোকে মুঠোফোনে তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার ত্রিপুরাকে আরও কৃতজ্ঞতায় আবদ্ধ করল।’
ত্রিপুরার কৈলা শহর থেকে প্রকাশিত দৈনিক উত্তর ত্রিপুরা সূত্রে জানা যায়, ১০টি লরির মধ্যে নয়টিতে তরল জ্বালানি তেল ও একটিতে এলপি গ্যাস থাকবে।