ট্রানজিটে ভারতের জ্বালানি তেল পাঠানো শুরু হচ্ছে
বাংলাদেশের মধ্য দিয়ে ভারতে পেট্রোলিয়ামজাত দ্রব্যের পরিবহন শুরু হচ্ছে আজ বুধবার অথবা কাল বৃহস্পতিবার। প্রথম দফায় এ জ্বালানি ঢুকবে ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাশহরে। জ্বালানির এই চালান আসবে আসাম রাজ্যের বঙ্গাইগাঁও থেকে। এ জন্য বাংলাদেশের পক্ষে সব প্রস্তুতি শেষ করা হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগের (আরএইচডি) একজন জ্যেষ্ঠ প্রকৌশলী জানান, ‘রাস্তাঘাটের উন্নয়নকাজসহ আমাদের সব প্রস্তুতি শেষ। প্রথম চালানে ১০ টন করে জ্বালানি তেল নিয়ে ১০টি ট্যাংকারের একটি বহর বাংলাদেশের ভেতর দিয়ে ভারতে যাবে। এই ট্রানজিট সুবিধার ফলে ভারতের অভ্যন্তরে ৪০০ কিলোমিটারের বেশি দুর্গম পথ এখন কমে দাঁড়াবে মাত্র ১৩৬ কিলোমিটারে।’
প্রথম আলোর ত্রিপুরা প্রতিনিধি জানান, ত্রিপুরার পরিবহনমন্ত্রী মানিক দে জানিয়েছেন, পাসপোর্ট নিয়ে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল করপোরেশনের কর্মীদের কিছু সমস্যা থাকলেও তা কেটে গেছে। এ অবস্থায় বুধবার থেকেই পেট্রোলিয়ামজাত পণ্য ট্রানজিট পথে পরিবহন শুরু হবে।