ট্রানজিটের জন্য তিন পথে ১৭টি রুট
ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত কমিটি ট্রানজিটের জন্য সাতটি রুট চিহ্নিত করেছে। এর মধ্যে সড়ক ও রেলপথের জন্য সাতটি করে ১৪টি এবং নৌপথের জন্য তিনটি রুট চিহ্নিত করা হয়েছে। এসব রুটের বর্তমান পরিস্থিতির বর্ণনার পাশাপাশি এর অবকাঠামো উন্নয়নে বিস্তারিত সুপারিশ রয়েছে কমিটির প্রতিবেদনে। সড়কপথ: ট্রানজিটের জন্য সাতটি রুট চিহ্নিত করা হয়েছে। এগুলো হলো: কলকাতা-পেট্রাপোল/বেনপোল-ঢাকা-আখাউড়া/আগরতলা, আগরতলা-আখাউড়া-চট্টগ্রাম, শিলচর-সুতারকান্দি-চট্টগ্রাম বন্দর, শিলচর-সুতারকান্দি-পাটুরিয়া-বেনাপোল/পেট্রাপোল-কলকাতা, সামড্রুপ জংখার (ভুটান)-গোয়াহাটি-শিলং-তামাবিল-সিলেট-চট্টগ্রাম, কাঠমান্ডু-কাঁকরভিটা/ফুলবাড়ী-বাংলাবান্ধা-মংলা/চট্টগ্রাম এবং থিম্পু-ফুয়েন্টসলিং-জয়গাঁও/বুড়িমারী-মংলা/চট্টগ্রাম। বাংলাদেশের এসব জাতীয় ও আঞ্চলিক সড়কের বেশির ভাগই দুই লেনের। এসব সড়ক প্রশস্ত করার পাশাপাশি পণ্যবাহী ট্রাকের ভার বহনের সক্ষমতাও বাড়ানোর সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। আবার অনেক সড়ক নতুন করে নির্মাণ করতে হবে। এসব অবকাঠামো নির্মাণের কাজ সম্পন্ন করতে কমপক্ষে তিন থেকে চার বছর সময় লাগবে বলে প্রতিবেদনে মত দেওয়া হয়েছে। নতুন সড়ক নির্মাণ বা রক্ষণাবেক্ষণের মধ্যে উল্লেখযোগ্য রুটগুলো হলো: ব্রাহ্মণবাড়িয়া-ময়নামতী, সুতারকান্দি-সিলেট ও বেনাপোল-যশোর-খুলনা। মংলা বন্দরে যাওয়ার সড়কটি আরও প্রশস্ত করার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। এসব পথই মূলত ট্রানজিটের প্রারম্ভিক ও প্রান্তিক অংশ। রেলপথ: রেলপথের জন্যও সাতটি রুট চিহ্নিত করা হয়েছে। এগুলো হলো: শিলচর-মাহীসাশান/শাহবাজপুর-ঢাকা আইসিডি (ধীরাশ্রম)-বঙ্গবন্ধু সেতু-দর্শনা/গেদে-কলকাতা, শিলচর-মাহীসাশান/শাহবাজপুর-চট্টগ্রাম বন্দর, আগরতলা-আখাউড়া-ঢাকা আইসিসিডি-বঙ্গবন্ধু সেতু-দর্শনা/গেদে-কলকাতা, আগরতলা-আখাউড়া-চট্টগ্রাম বন্দর, কলকাতা-পেট্রাপোল/বেনাপোল-খুলনা-মংলা বন্দর, বীরগঞ্জ-রেক্সোয়াল-কটিহার-সিংহবাদ/রোহনপুর-খুলনা-মংলা বন্দর, জগবাণী-বিরাটনগর-রাধিকাপুর/বিরল-পার্বতীপুর-খুলনা-মংলা বন্দর। প্রতিবেদনে আপাতত রেলপথে ট্রানজিট-সুবিধা দেওয়ার সুযোগ নেই বলা হয়েছে। কারণ রেলপথে পূর্ব ও পশ্চিমকে যুক্ত করার একমাত্র সেতু বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে ভারী কনটেইনার পরিবহনের মতো সক্ষমতা নেই। এ জন্য এই সেতুর পাশে আরেকটি নতুন রেল সেতু নির্মাণের প্রস্তাব করা হয়েছে প্রতিবেদনে, যা সম্পন্ন করতে কমপক্ষে চার থেকে পাঁচ বছর সময় লাগবে। কমিটি মনে করে, পদ্মা সেতু হলে তা রেল ট্রানজিটের জন্য ব্যবহার করা যাবে। এ ছাড়া ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ট্রানজিট-সুবিধা দিতে খুলনা ও আখাউড়ার প্রান্তিক অংশে রেলপথ নির্মাণে আরও তিন বছর সময় লাগবে। নৌপথ: ভারতের সঙ্গে বিদ্যমান নৌ-প্রটোকল অনুযায়ী নৌপথে ট্রানজিট-সুবিধা অব্যাহত রয়েছে। তবে নাব্যতা সংকটের কারণে নৌ-ট্রানজিট সারা বছর ব্যবহার করা সম্ভব হয় না। প্রতিবেদনে নৌপথে ভারতকে ট্রানজিট-সুবিধা দিতে তিনটি রুট চিহ্নিত করা হয়েছে। এগুলো হলো: কলকাতা-নামখানা-শেখবাড়িয়া-মংলা-কাউখালী-বরিশাল-চাঁদপুর-ভৈরববাজার/আশুগঞ্জ-শেরপুর-জকিগঞ্জ-করিমগঞ্জ, কলকাতা- নামখানা- শেখবাড়িয়া- মংলা- কাউখালী- বরিশাল- চাঁদুপর- মাওয়া- পাটুরিয়া-সিরাজগঞ্জ-চিলমারী-ডাইকহাওয়া-ধুবরী-পাণ্ডু-শিলঘাট ও কলকাতা-নামখানা এবং শেখবাড়িয়া-মংলা-কাউখালী-বরিশাল-চাঁদপুর-আশুগঞ্জ পর্যন্ত নৌপথে, এরপর আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত রেল ও সড়কপথে। নৌপথে এক হাজার ২৫৮ কিলোমিটার পথ ট্রানজিট দিতে হবে। কিন্তু রাত্রিকালীন নেভিগেশনের জন্য পর্যাপ্ত আলোর সুবিধা রয়েছে মাত্র ৫২০ কিলোমিটার (শেখবাড়িয়া থেকে আশুগঞ্জ পর্যন্ত)। দ্রুততর যাতায়াতসুবিধার জন্য নেভিগেশন-সুবিধা বাড়ানোর প্রস্তাব কমিটি করলেও তা সময়সাপেক্ষ বলেছে। অন্যদিকে আশুগঞ্জকে পোর্ট অব কল ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এখানে এসে ভারতীয় পণ্যবাহী জাহাজগুলো থামবে। ভারতও আশুগঞ্জ নৌবন্দর ব্যবহার করে সড়ক ও রেলপথে আগরতলায় পণ্য নিয়ে যেতে বেশি আগ্রহী। ইতিমধ্যে ভারতীয় ঋণে আশুগঞ্জ বন্দর কনটেইনার বন্দর নির্মাণের প্রকল্পটি একনেকে অনুমোদন পেয়েছে। কিন্তু প্রকল্পটি শেষ হবে ২০১৩ সালের জুন মাসে। অর্থাৎ এর আগে পূর্ণাঙ্গ নৌ-ট্রানজিট দেওয়া সম্ভব হচ্ছে না।