ট্রানজিটের জন্য তিস্তা চুক্তি কোনো শর্ত নয়: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, ভারতকে ট্রানজিট দেওয়ার ক্ষেত্রে তিস্তার পানিবণ্টন চুক্তি কোনো শর্ত নয়। তবে তিস্তা চুক্তির বিষয়টি নিশ্চিতভাবেই ট্রানজিটের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে। দীপু মনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় তিস্তা চুক্তি না হওয়াটা ছিল দুর্ভাগ্যজনক। এতে বাংলাদেশের মানুষ হতাশ হয়েছে। বাংলাদেশ তিস্তা চুক্তির অপেক্ষায় রয়েছে। নিশ্চিতভাবেই বলা যায়, এ চুক্তি হবে। সম্প্রতি ভারতের এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এসব কথা বলেন। গতকাল বুধবার এনডিটিভির ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়। ট্রানজিটের বিষয়টি তিস্তা চুক্তির সঙ্গে সম্পর্কিত কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি তা মনে করি না। আমি মনে করি না, ট্রানজিটের বিষয়টি তিস্তা চুক্তির শর্তের ওপর নির্ভর করছে। তবে তিস্তার পানিবণ্টন চুক্তি হলে তা ট্রানজিটের ব্যাপারে সহায়ক হবে।’বাংলাদেশ থেকে যাওয়া অভিবাসীদের কারণে আসামে সাম্প্রতিক দাঙ্গার ঘটনা ঘটেছে বলে ভারতের বিরোধী দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই অঞ্চলে অভিবাসনের দীর্ঘ ইতিহাস রয়েছে। ১৯৪৭ সালে দেশভাগের সময় অভিবাসন হয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশের এক কোটি মানুষ ভারতে আশ্রয় নিয়েছিল। তাদের বেশির ভাগই স্বাধীনতার পর বাংলাদেশে ফিরে এসেছে।রোহিঙ্গাদের ব্যাপারে দীপু মনি বলেন, মানবিক কারণে ১৯৭৯ ও ১৯৯২ সালে রোহিঙ্গারা যখন বাংলাদেশে এসেছে, তাদের আশ্রয় দেওয়া হয়েছে। তবে তাদের বেশির ভাগই মিয়ানমারে ফিরে না গিয়ে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় বসতি গড়েছে। তারা এখন বাংলাদেশের জন্য বিরাট বোঝা হয়ে গেছে। বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের পক্ষে তাদের দায়িত্ব নেওয়া সম্ভব নয়।