বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি আবদুল্লাহ আল নোমান অভিযোগ করে বলেছেন, ট্রানজিটের নামে মহিউদ্দিন চৌধুরী চাঁদার বাক্স বসিয়েছেন। এ বাক্স দিয়ে কত টাকা চাঁদাবাজি হবে জানি না। ট্রানজিটের জন্য প্রয়োজনে রক্ত দেওয়ার ঘোষণা দিয়ে মহিউদ্দিন চৌধুরী বলেছেন, তবুও ট্রানজিট হতে হবে। ইতিপূর্বে তিনি এ ধরনের ঘোষণা দিয়ে তৃতীয় কর্ণফুলী সেতুর নির্মাণকাজ বন্ধ করে দিতে চেয়েছিলেন। কিন্তু পারেননি। চট্টগ্রামের লালদীঘি মাঠে গত রোববার এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় নোমান এসব কথা বলেন। চট্টগ্রাম ও মংলা বন্দর দিয়ে ট্রানজিট দেওয়ার অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর বিএনপির ব্যানারে এই সমাবেশ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রমবিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন। আবদুল্লাহ আল নোমান আগামী ১৫ দিনের মধ্যে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সম্মেলন ডাকার ঘোষণা দিয়ে বলেন, সেখান থেকে আন্দোলনের নতুন কর্মসূচি দেওয়া হবে। সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সদস্য মাহবুবুর রহমান শামীম, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইনাম উল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম চৌধুরী, সাবেক সভাপতি সিদ্দিক আহমেদ চৌধুরী, চট্টগ্রাম মহানগর জাসাসের সভাপতি কাজী আকবর, আবুল হাশেম বক্কর প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে পুরাতন রেলস্টেশনে গিয়ে শেষ হয়।