ট্রানজিটের পণ্য পরিবহনে ট্রাক পাওয়া যাচ্ছে না
ট্রানজিটের আওতায় ভারত থেকে আনা স্টিল সিট বা রডজাতীয় পণ্য আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত সড়কপথে পৌঁছে দেওয়ার জন্য ট্রাক পাচ্ছে না পরিবহন সংস্থা আনবিস লিমিটেড। এই কারণে গতকাল মাত্র একটি ট্রাকে করে ১৮ টন পণ্য গেছে ত্রিপুরায়।
গত বুধবার এমভি নিউটেক নামের একটি জাহাজ ভারতের কলকাতা থেকে এক হাজার টন স্টিল সিট বা রড নিয়ে আশুগঞ্জ নৌবন্দরে নোঙর করে। পরদিন জাহাজ থেকে এই পণ্য ওঠানোর মধ্য দিয়ে নিয়মিত ট্রানজিটের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। দুই দিন পর রোববার বিকেলে চারটি ট্রাকে করে ৮৪ মেট্রিকটন স্টিল সিট বা রড পৌঁছে ত্রিপুরায়।
গতকাল সোমবার আরও বেশি ট্রাকে পণ্য যাওয়ার কথা থাকলেও মাত্র একটি ট্রাকে করে ১৮ মেট্রিকটন পণ্য গেছে ত্রিপুরায়। বাংলাদেশের নৌ ও সড়কপথ ব্যবহার করে ভারতের এক অংশ থেকে অন্য অংশে পণ্য নেওয়া বা ট্রানজিটের পণ্য এভাবে পরিবহন হলে তা পৌঁছাতে অতিরিক্ত সময় লাগবে।
আশুগঞ্জ থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত পণ্য পরিবহনের দায়িত্বে থাকা আনবিস লিমিটেডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান প্রথম আলোকে বলেন, আশুগঞ্জ থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত সাধারণ পণ্য পরিবহনে টনপ্রতি ৩০০ থেকে ৩২০ টাকা পর্যন্ত নেওয়া হয়। কিন্তু ট্রানজিটের পণ্য পরিবহনে সেখানকার ট্রাক মালিকেরা ৫০০ থেকে ৬০০ টাকা দাবি করছেন।
ট্রাকের মালিকেরা সিন্ডিকেট করে এই দর নির্ধারণ করেছেন। আবার অন্য জায়গা থেকে ট্রাক এনে পণ্য পরিবহনেও বাধা দিচ্ছে। তবে এই কর্মকর্তা নির্দিষ্ট করে কারও বিরুদ্ধে এই অভিযোগ করতে রাজি হননি।
নাম প্রকাশ না করার শর্তে আশুগঞ্জ ট্রাক মালিক সমিতির এক নেতা বলেন, ‘এই পণ্যগুলো এমন নয় যে ট্রাকে তোলা হলো আর নির্ধারিত স্থানে নিয়ে নামিয়ে দিয়ে চলে আসলাম। ট্রানজিটের এই পণ্য নিয়ে ভারতে যেতে হয়। ঘাটে ঘাটে দাঁড়িয়ে থাকতে হয়। কোনো কোনো সময় ভারতের সীমানায় এক দিন অবস্থানও করতে হয়। এখানে অর্থ বেশি লাগবেই।’
স্থলবন্দরের শুল্ক বিভাগের রাজস্ব কর্মকর্তা মো. নূরুল আলম প্রথম আলোকে বলেন, ট্রানজিটের পণ্যবোঝাই ট্রাক ভারতের সীমানায় গিয়ে পণ্য খালাস করে। সীমানা পার করার জন্য কার পাস প্রয়োজন হয়। এই জন্য চালকের এক কপি ছবি, বৈধ ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি ও সহকারী চালকের শ্রমিক সমিতি প্রদত্ত পরিচয়পত্রের প্রয়োজন হয়। এই কাগজে ঘাটতি থাকায় আখাউড়া স্থলবন্দরেও ট্রানজিটের পণ্য নিয়ে আসা ট্রাকগুলোকে দাঁড়িয়ে থাকতে হয়ে অনেক সময়।
খলিফা এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠান আখাউড়া অংশে এই পণ্য ছাড় করানোর দায়িত্বে (সিঅ্যান্ডএফ এজেন্ট)। প্রতিষ্ঠানটির কর্ণধার ও আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা প্রথম আলোকে বলেন, তাঁর প্রতিষ্ঠান আখাউড়া স্থলবন্দরে পণ্য ছাড় করানোর দায়িত্ব পালন করে। পরিবহনের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানই ট্রাকের ব্যবস্থা ও চালকদের কার পসে পাওয়ার কাগজ জোগাড় করবে।