ট্রানজিটের সম্মতিপত্রে মাশুল আদায়ে বিশেষ গুরুত্বারোপ
চট্টগ্রাম ও মংলা বন্দরের পাশাপাশি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতকে ট্রানজিট দিতে মাশুল আদায়ে জোরালো অবস্থান নিয়েছে ঢাকা। তাই ট্রানজিট মাশুল আদায়ে দুই দেশ আলাদা একটি প্রটোকল সই করবে। আজ দুই দেশের মধ্যে সইয়ের জন্য তৈরি প্রস্তাবিত সম্মতিপত্রে এ বিষয়টির উল্লেখ রয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা গতকাল সোমবার রাতে প্রথম আলোকে বলেন, বাংলাদেশের পক্ষ থেকে সংক্ষিপ্ত ওই সম্মতিপত্র তৈরি করা হয়েছে। আর ওই সম্মতিপত্রে ভারতকে ট্রানজিট দেওয়ার বিষয়ে বাংলাদেশের নীতিগত সিদ্ধান্তের কথা বলা হয়েছে।খসড়া সম্মতিপত্রে বলা হয়েছে, চট্টগ্রাম ও মংলা বন্দরের পাশাপাশি নৌ, সড়ক ও রেলপথের বিভিন্ন রুটে ভারতকে ট্রানজিট দেওয়া হবে। এ জন্য প্রতিটি রুটের জন্য সই হবে আলাদা প্রটোকল।রুটের পাশাপাশি ট্রানজিট মাশুলের জন্য আলাদা করে প্রটোকল সইয়ের কথাও উল্লেখ রয়েছে প্রস্তাবিত সম্মতিপত্রে। অভ্যন্তরীণ বিভিন্ন খরচের পাশাপাশি সেবাদানের জন্য নির্দিষ্ট হারে মাশুল আদায় করা হবে। মাশুল আদায়ের ক্ষেত্রে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়ম অনুসরণ করা হবে।নতুন মঞ্জুরি ঘোষণা: শীর্ষ বৈঠক শেষে যৌথ ঘোষণায় নতুন করে মঞ্জুরির ঘোষণা দেবে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গত রাতে জানান, এবারকার ঘোষণায় ঢাকা-চট্টগ্রাম দ্বিতীয় রেল সংযোগ চালুর জন্য একটি সমীক্ষায় ভারত অর্থায়নের কথা জানাবে। এ ছাড়া নতুন করে আর্থিক সহযোগিতার ঘোষণাও আসতে পারে। এ ছাড়া যৌথ ঘোষণায় ভারত প্রথমবারের মতো উপ-আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে তাদের সহযোগিতার কথাটি উল্লেখ করবে। এ সহযোগিতার ক্ষেত্রে প্রয়োজনে দুই দেশ যৌথভাবে প্রকল্প গ্রহণের কথা জানাবে।