ট্রান্সকম বেভারেজের কারখানায় বহিরাগত শ্রমিকদের হামলা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় ট্রান্সকম বেভারেজ লিমিটেডের কারখানায় গতকাল সোমবার সকালে বহিরাগত শ্রমিকেরা হামলা চালিয়েছেন। কারখানায় ভাঙচুর ও লুটপাট করা হয়। এ সময় কারখানার অন্তত ১৫ জন শ্রমিক আহত হয়েছেন। কারখানা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল পৌনে আটটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তেলিরচালা এলাকায় সেজাদ ডিজাইন ওয়্যার লিমিটেডের কারখানার জহিরুল ইসলাম নামের একজন শ্রমিক বাসচাপায় গুরুতর আহত হন। পরে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ওই কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। পরে আরও কয়েকটি কারখানার শ্রমিকেরা এতে যোগ দেন। কিন্তু ট্রান্সকম বেভারেজের (পেপসি) কারখানার কোনো শ্রমিক এতে যোগ দেননি। এর জের ধরে বহিরাগত শত শত শ্রমিক সকাল নয়টার দিকে ট্রান্সকম বেভারেজের কারখানার মূল ফটক ভেঙে ভেতরে ঢোকেন। পরে কারখানার তিন-চারটি সিসি ক্যামেরা, হ্যালোজেন লাইট ভাঙচুর ও লুটপাট করেন। এ ছাড়া বহিরাগত শ্রমিকেরা পেপসি কারখানার একটি অফিস কক্ষ ও নিরাপত্তাকর্মীদের কার্যালয় ভাঙচুর করেন।বহিরাগত শ্রমিকদের ছোড়া ইটপাটকেলে অন্তত ১৫ জন শ্রমিক আহত হন। আহত শ্রমিকেরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কারখানার মানবসম্পদ কর্মকর্তা নাহিদ আকতার প্রথম আলোকে বলেন, হামলায় অন্তত ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।