ট্রান্সফরমার আত্মসাতের দায়ে পিডিবির দুই প্রকৌশলীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে বিদ্যুতের ট্রান্সফরমার আত্মসাতের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় পিডিবি সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩-এর সাবেক নির্বাহী প্রকৌশলী আবদুল মতিন ভূঁইয়া ও উপসহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার সিলেটের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক ফাহমিদা কাদের এ রায় দেন। মামলার অপর আসামি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-৩-এর ভান্ডাররক্ষক আবদুল মান্নানকে অব্যাহতি দেওয়া হয়।
আদালতের সরকারি কৌঁসুলি লুৎফুল কিবরিয়া শামীম জানান, কারাদণ্ড ছাড়াও ওই দুজনকে চার লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। অন্য আরেকটি ধারায় ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা যায়, ২০০৯ সালে সিলেট নগরে ট্রান্সফরমার আত্মসাতের একটি ঘটনা অনুসন্ধান করতে গিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) দুই প্রকৌশলীর জড়িত থাকার বিষয়ে প্রমাণ পায়। দুদক সিলেটের তৎকালীন উপপরিচালক আর কে মজুমদার বাদী হয়ে মতিন ভূঁইয়াসহ তিনজনকে আসামি করে সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার তদন্ত করে দুদক ঢাকার উপপরিচালক মুন্সী আবদুস সামাদ ২০০৯ সালের ২৩ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ সময় আসামিদের সাময়িক বরখাস্ত করা হয়। ২০১২ সালের ৩০ জানুয়ারি আদালতে অভিযোগ গঠন করা হয়।