ট্রান্সফরমার ওঠানো-নামানোর ব্যয় বেড়েছে পাঁচ গুণ
চলতি বোরো মৌসুমে পল্লী বিদ্যুতের অধীনে কৃষকের গভীর নলকূপের ট্রান্সফরমার বিতরণ লাইনে ওঠানো-নামানোর ব্যয় প্রায় পাঁচ গুণ বাড়ানো হয়েছে। গত মৌসুমে ওই ব্যয় ছিল এক হাজার ২০০ টাকা। চলতি মৌসুমে পাঁচ হাজার ৩৬৪ টাকা করে নেওয়া হচ্ছে।দিনাজপুর গভীর নলকূপ কৃষক কল্যাণ সমিতির সভাপতি শাহ মো. ইলিয়াছুর রহমান বলেন, ঠিকাদারের সঙ্গে যোগসাজশ করে ওই দর নির্ধারণ করা হয়েছে। বিতরণ লাইনে ট্রান্সফরমার তুলতে সর্বোচ্চ ৫০০ টাকা খরচ লাগে। গত বছরের তুলনায় চলতি মৌসুমে প্রায় সাড়ে চার হাজার টাকা বেশি আদায় করা হচ্ছে। কৃষকের উৎপাদিত ধানের দাম নেই। কিন্তু উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে। এতে কৃষকেরা উৎসাহ হারাবেন।জানা গেছে, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর অধীনে ফুলবাড়ী, পার্বতীপুর, বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলায় এক হাজার ৬৭৩টি গভীর নলকূপ আছে। এর মধ্যে ফুলবাড়ীতে ২৩৪, বিরামপুরে ৩৩৪, নবাবগঞ্জে ৩৪০, ঘোড়াঘাটে ২৪০, হাকিমপুরে ২৪৮ ও পার্বতীপুরে ২৭৭টি রয়েছে। গত বছরের তুলনায় এবার কৃষককে ৬৯ লাখ ৬৬ হাজার ৩৭২ টাকা বেশি দিতে হচ্ছে।দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মহাব্যবস্থাপক (জিএম) মোহাম্মদ আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় দরপত্রের মাধ্যমে ট্রান্সফরমার বিতরণ লাইনে বসানোর জন্য ওঠানো-নামানোর ব্যয় পাঁচ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করে দিয়েছে। এর আগে পল্লী বিদ্যুৎ সমিতি এই ট্রান্সফরমার ওঠানো-নামানোর ব্যয় হিসেবে এক হাজার ২০০ টাকা করে ঠিকাদারদের দিত। কৃষকের ঘরে নিয়ে রাখা ট্রান্সফরমার বিতরণ লাইনে ওঠানো-নামানোর কাজ ঠিকাদারেরা করেন। বৃদ্ধি করা টাকাও সংশ্লিষ্ট ঠিকাদারই পাবেন। চুরি ঠেকাতে গভীর নলকূপের মালিকেরা সেচ মৌসুম শেষ হলে ট্রান্সফরমার খুলে নিজ বাড়িতে নিয়ে যান। মৌসুমের শুরুতে বাড়ি থেকে ট্রান্সফরমার এনে আবার বিতরণ লাইনে সংযোগ দেন। কৃষকের ওই ট্রান্সফরমার বিতরণ লাইনে সংযোগ দেওয়া ও সংযোগ বিচ্ছিন্ন করার জন্য ঠিকাদার নিয়োগ দেওয়া হয়।