ট্রান্সফরমার চুরি ঠেকাতে এবার ওয়েল্ডিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে ট্রান্সফরমার চুরি ঠেকাতে শেকল দিয়ে বাঁধা, তালা মেরে রাখা বা রাস্তার মুখে ‘বাঁশ বান্ধা’সহ নানা রকম সামাজিক উদ্যোগ দেখা যায়। গ্রাহক পর্যায়ে এসব উদ্যোগের সঙ্গে এবার বিদ্যুৎ বিভাগও একাত্ম হয়েছে। বৈদ্যুতিক খুঁটিতে শুধু আর তার দিয়ে বেঁধে নয়, ওয়েল্ডিং করা হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেটের প্রকৌশল বিভাগ জানায়, গত ছয় মাসে সিলেট নগর থেকে প্রায় ৬০টি ট্রান্সফরমার চুরি হয়। ট্রান্সফরমার চোর চক্র এ কাজে ট্রাক ব্যবহার করে। চুরি ঠেকাতে সিলেটের একাধিক পাড়া-মহল্লায় রাতের বেলা রাস্তার মুখে ‘বাঁশ বান্ধা’ কৌশল অবলম্বন করা হচ্ছে। একইভাবে শহরতলির এলাকাগুলোতে গ্রাহকেরা উদ্যোগী হয়ে ট্রান্সফরমার লোহার শেকল দিয়ে বেঁধে বা তালা মেরে রাখছেন। মধ্যরাত থেকে ভোরবেলা এসব ট্রান্সফরমার চুরির একাধিক ঘটনা পর্যবেক্ষণ করে বিদ্যুৎ বিভাগের একটি কারিগরি দল নিশ্চিত হয় যে, খুঁটি থেকে সহজে ট্রান্সফরমার খোলার ব্যবস্থা থাকায় চুরির ঘটনা বাড়ছে। গত ১০ নভেম্বর সিলেটের শাহজালাল উপশহর ও টিলাগড় এলাকা থেকে এক রাতে তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনায় বিউবো ট্রান্সফরমার দপ্তরের একটি কারিগরি দল নিয়ে মাঠ পর্যবেক্ষণে নামে। ওই দলের পরামর্শে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে স্থাপন করা ট্রান্সফরমারকে ওয়েল্ডিং করার কাজ শুরু করা হয়। ২৫ নভেম্বর থেকে পাঁচ দিনে সিলেটের তিনটি ডিভিশনের এক হাজার ট্রান্সফরমার ওয়েল্ডিং করা হয়েছে। এর পর থেকে ওই সব ট্রান্সফরমার সুরক্ষিত রয়েছে বলে বিদ্যুৎ বিভাগ জানায়। বিউবোর ট্রান্সফরমার দপ্তর সূত্র জানায়, নগরে তিনটি ডিভিশনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এর মধ্যে ডিভিশন-২ এলাকায় ট্রান্সফরমার চুরি বেশি হয়। কারিগরি দল ডিভিশন-২ এলাকার ২৯১টি ট্রান্সফরমারে ওয়েল্ডিং সম্পন্ন করে। বাকি দুই ডিভিশনে ৭০৯টি ট্রান্সফরমারে ওয়েল্ডিং করার কাজ গত বৃহস্পতিবারেই সম্পন্ন হয়েছে। সিলেট জেলা পরিষদের সামনে নগরের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার ওয়েল্ডিং করার কাজে নিয়োজিত বিদ্যুৎ বিভাগের কারিগরি দলের একজন বলেন, ওয়েল্ডিং করা ট্রান্সফরমার চুরি করতে হলে ওয়েল্ডিং ভাঙতে হবে। এতে দীর্ঘ সময় লাগার পাশাপাশি শব্দ হবে। তখন গ্রাহকেরাই চোর শনাক্ত করতে সক্ষম হবেন। ওয়েল্ডিং করা ট্রান্সফরমার বিকল হলে নতুন ট্রান্সফরমার প্রতিস্থাপনে সময়ক্ষেপণ হবে কি না—এমন প্রশ্নে ওই কারিগরি দল জানায়, ওয়েল্ডিং কাজে নিয়োজিত বিদ্যুৎ বিভাগের কারিগরি দল তখন ট্রান্সফরমার খোলা ও নতুন করে প্রতিস্থাপন কাজে সহায়তা করবে বলে এ কাজে কোনো অসুবিধা হবে না। ওয়েল্ডিং কাজ তদারককারী বিদ্যুৎ বিভাগ সিলেট ডিভিশন-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন বলেন, জরুরি প্রয়োজন ছাড়া সাধারণত বিদ্যুৎ বিভাগ কোনো ট্রান্সফরমারে রাতের বেলা কাজ করে না। চুরি যেহেতু রাতে হয়, তাই ওয়েল্ডিং করা ট্রান্সফরমার খুলতে কমপক্ষে ঘণ্টা খানেক সময় লাগবে। এতে করে হুটহাট ট্রান্সফরমার খোলা সহজ হবে না বলে চুরিও কমে যাবে।