ট্রান্সফরমার চুরি পুড়ছে ফসল
নাটোরের গুরুদাসপুরের কৃষক সালামতের নিজের জমি নেই। অন্যের তিন বিঘা জমি ইজারা নিয়ে বোরো ধানের আবাদ করেছেন। নিবিড় পরিচর্যার পর গাছগুলোতে শিষ এসেছে। মাস দেড়েক পরই তাঁর পাকা ধান ঘরে তোলার কথা।
কিন্তু শেষ মুহূর্তে এসে সালামতের স্বপ্ন পুড়ছে। কারণ তিনি যে স্কিমে জমি আবাদ করছেন, সেই স্কিমের তিনটি ট্রান্সফরমার গত সোমবার গভীর রাতে চুরি হয়ে গেছে। ফলে ছয় দিন ধরে ধানে সেচ দিতে পারছেন না। সেচের অভাবে জমি ফেটে চৌচির। ধানের গাছগুলো শুকিয়ে লালচে হয়ে যাচ্ছে। এ অবস্থা কৃষক সালামতের একার নয়, আরও ৬০-৬৫ জন কৃষকের। গুরুদাসপুর উপজেলার চলনবিল অধ্যুষিত নারায়ণপুর, পারগুরুদাসপুর বরেন্দ্র সেচ প্রকল্পের আওতায় শত বিঘা জমিতেই পানির জন্য হাহাকার চলছে।
গুরুদাসপুর কৃষি সম্প্রসারণ কার্যালয় বলছে, এখন কোনো কারণে সেচ দিতে না পারলে বোরোর ফলন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেবে। তাই যেকোনো মূল্যেই হোক না কেন, সেচ সচল রাখতেই হবে।
ভুক্তভোগী কৃষক আবুল কালাম আজাদ বলেন, তাঁদের জমিগুলো বরেন্দ্র সেচ প্রকল্পের আওতায়। তাই নিরবচ্ছিন্ন সেচসুবিধা পেতে কৃষকেরা চাঁদা তুলে এক লাখ টাকায় তিনটি ট্রান্সফরমার বরেন্দ্র কর্তৃপক্ষের কাছ থেকে কিনে নিজেদের স্কিমে লাগিয়ে সেচ সচল রেখেছিলেন। কিন্তু সোমবার গভীর রাতে ট্রান্সফরমার তিনটি চুরি হয়ে যায়। বিষয়টি বরেন্দ্র কর্তৃপক্ষকে জানানোর পর তারা ট্রান্সফরমার বাবদ নতুন করে আরও ৯০ হাজার টাকা দাবি করছে। কিন্তু এই মুহূর্তে তাঁদের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়।
বরেন্দ্র (বনপাড়া) অফিসের উপ-সহকারী প্রকৌশলী মো. শামসুল আলম বলেন, শুধু পুড়ে গেলে নতুন ট্রান্সফরমার বরেন্দ্র কর্তৃপক্ষ দিতে পারে। চুরি গেলে কৃষকদের ৯০ হাজার টাকায় নতুন করে ট্রান্সফরমার কিনতে হবে। এভাবেই সব কৃষকের সঙ্গে বরেন্দ্র কর্তৃপক্ষের চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে সেচের অভাবে খেতের ধান পুড়লেও কিছু করার নেই।
কৃষক মোজাহার আলী বলেন, ‘ধার-কর্জ করে তিন বিঘা জমিতে বোরোর আবাদ করেছি। এখন সেচের অভাবে চোখের সামনে কষ্টের ফসলগুলো পুড়ছে। অথচ সেচ দিতে পারছি না।’
কৃষক শমসের বলেন, বরেন্দ্রকে বাকিতে ট্রান্সফরমার লাগানোর অনুরোধ করেও কাজ হচ্ছে না। তাহলে কি টাকার অভাবে খেতের সব ধান পুড়ে শেষ হয়ে যাবে?