ট্রান্সফরমার চোর সন্দেহে ৪ জন গ্রেপ্তার
নেত্রকোনা সদর উপজেলার রাজেন্দ্রপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় থেকে ট্রান্সফরমার চুরির চেষ্টা করার অভিযোগে মডেল থানার পুলিশ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন: সিরাজগঞ্জের জকতাল গ্রামের আশরাফুল ইসলাম (২৫), একই এলাকার হাফিজুর রহমান (৩৩), গোপালপুর গ্রামের মোজামেঞ্চল হক (৩০) ও রাজবাড়ী জেলার রনী মিয়া (৪০)। পুলিশ গতকাল শনিবার তাঁদের আদালতে পাঠায়। নেত্রকোনা মডেল থানা সূত্র জানায়, শুক্রবার রাতে ওই চার ব্যক্তি পল্লী বিদ্যুতের কর্মচারী সেজে কার্যালয়ের ভেতর থেকে ট্রান্সফরমার নেওয়ার চেষ্টা করেন। সমিতির এক আনসার সদস্যের সন্দেহ হলে তিনি কার্যালয়ের লোকজন ও এলাকাবাসীকে ডেকে জড়ো করেন। পরে তাঁদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, এ ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম সেলিনা বেগম ওই চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।