ট্রান্সফরমার বিকল, বিদ্যুৎ সরবরাহে বিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিনের বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় প্রায় অর্ধশত ট্রান্সফরমার বিকল হয়ে গেছে। এতে গত মঙ্গলবার থেকে সেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিপর্যস্ত হয়ে পড়ে।খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার দুপুরে ভারী বৃষ্টি শুরু হতেই চট্টগ্রাম নগর ও আশপাশের এলাকায় একাধিক ট্রান্সফরমার বিকল হয়ে পড়ে। মঙ্গলবার রাত ও গতকাল বুধবার সকালেও বৃষ্টিপাত হয়। এ অবস্থায় বিভিন্ন বিক্রয় ও বিতরণ বিভাগের ফিডার লাইন থেকে সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এর পরও অন্তত ৫০টি ট্রান্সফরমার বিকল হয়ে পড়ে।চট্টগ্রাম পিডিবির প্রধান প্রকৌশলী স্বপন কুমার সাহা প্রথম আলোকে বলেন, ‘বৃষ্টির কারণে ট্রান্সফরমার বিকল হওয়া শুরু হলে আমরা সঙ্গে সঙ্গে বিভিন্ন ফিডার থেকে বিদ্যুতের সরবরাহ বন্ধ করে দিই। গতকাল বুধবার বিকেল থেকেই আমাদের কর্মীরা বিভিন্ন স্থানে বিকল ট্রান্সফরমার সরানো, ট্রান্সফরমার প্রতিস্থাপন এবং বিদ্যুৎ-সংযোগ দেওয়ার কাজ করে যাচ্ছেন। বর্তমানে কয়েকটি এলাকায় হয়তো বিদ্যুৎ নেই। তবে আজ-কালের মধ্যেই তা স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করছি।’খোঁজ নিয়ে জানা যায়, বৃষ্টির কারণে শিল্প এলাকার পাশাপাশি ঘনবসতিপূর্ণ এলাকায় বেশি বিদ্যুতের ট্রান্সফরমার নষ্ট হয়েছে। নগরের পাঁচলাইশ, আগ্রাবাদ, নন্দনকানন, বাকলিয়া ও নাসিরাবাদ এলাকায় ট্রান্সফরমার তুলনামূলকভাবে বেশি বিকল হওয়ার খবর পাওয়া গেছে। প্রকৌশলীরা জানান, বিদ্যুৎ সরবরাহের কারণে ট্রান্সফরমারের ভেতরে থাকা তেল গরম হয়ে যায়। তাপমাত্রার ওঠানামার কারণে যেসব ট্রান্সফরমার চাপ সইতে পারে না, সেগুলো বিকল হয়ে যায়। বৃষ্টির সময়ই সাধারণত এ ঘটনা বেশি হয়ে থাকে। আবার বজ্রবৃষ্টির সময়ও ট্রান্সফরমার বিকল হওয়ার ঝুঁকি বেড়ে যায়।পিডিবির সূত্র জানায়, চট্টগ্রাম বিদ্যুৎ অঞ্চলে প্রায় চার হাজার ট্রান্সফরমার আছে। এর মধ্যে অনেকগুলো চার দশকের পুরোনো। আবার বিগত বিএনপি সরকারের সময়ে কেনা অনেক ট্রান্সফরমার ছিল নিম্নমানের। পিডিবির সূত্র জানায়, এসব ট্রান্সফরমার বৃষ্টি হলেই অতিরিক্ত চাপ নিতে না পেরে বিকল হয়ে যায়। ফলে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় দেখা দেয়। এ কারণে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় পিডিবিতে রাষ্ট্রীয় মালিকানাধীন জিইএম প্ল্যান্টের ট্রান্সফরমার কেনা বাধ্যতামূলক করা হয়। চট্টগ্রাম পিডিবির আঞ্চলিক মেরামত কারখানার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হারুন প্রথম আলোকে বলেন, ‘বৃষ্টির কারণে নষ্ট হওয়া ট্রান্সফরমার আসছে বিভিন্ন জায়গা থেকে। আমরা সেগুলো দ্রুত ঠিকঠাক করে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি। আজ (বুধবার) একটি রাঙামাটি এবং একটি নগরে সরবরাহ করা হয়েছে। বর্তমানে আরও ২৩টি মেরামতের অপেক্ষায় আছে।’ তিনি বলেন, দিনে দুটির বেশি বিকল ট্রান্সফরমার সচল করা যায় না।