ট্রান্সফরমার বিকল গ্রাহকেরা দুর্ভোগে
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের সাব-স্টেশনে স্থাপিত ১০ এমভিএ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমারটি গত শুক্রবার বিকল হয়ে পড়ায় উল্লাপাড়া উপজেলার তিনটি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে। এতে প্রায় সাড়ে সাত হাজার গ্রাহক চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় ও স্থানীয় লোকজন জানান, গত শুক্রবার সন্ধ্যায় প্রায় ৩৫ বছরের পুরোনো এই ট্রান্সফরমার বিকল হয়ে যায়। তার পর থেকে কয়রা, দুর্গানগর ও পূর্ণীমাগাতী—এই তিন ইউনিয়ন বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়েন ইউনিয়নগুলোর প্রায় সাড়ে সাত হাজার গ্রাহক। এরপর গতকাল রোববার সন্ধ্যায় পাঁচ এমভিএ ক্ষমতাসম্পন্ন একটি ট্রান্সফরমার অস্থায়ীভাবে বসিয়ে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে পার্শ্ববর্তী উপকেন্দ্র থেকে অল্প অল্প করে বিদ্যুৎ নিয়ে সরবরাহ করা হচ্ছে।
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক প্রকৌশলী তুষার কান্তি দেবনাথ বলেন, পিবিএসের উল্লাপাড়া সদর দপ্তর কার্যালয় চত্বরে স্থাপিত এই পুরোনো ট্রান্সফরমারটি ডেসকো কোম্পানির ছিল। এটি ইংল্যান্ডের ফারান্টি কোম্পানির হলেও ট্রান্সফরমারটি প্রায় ৩৫ বছর আগের। এটি আর মেরামত করাও যাবে না। বিকল্প ব্যবস্থা হিসেবে একটি পাঁচ এমভিএ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমার বসিয়ে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করায় গতকাল থেকে গ্রাহকদের দুর্ভোগ কিছুটা কমেছে।