ট্রান্সফরমার বিকল গ্রাহকেরা বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুরে লোডশেডিং শুরু হয়েছে। দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিকল হওয়ায় প্রায় এক সপ্তাহ ধরে এ অবস্থা চলছে। এতে বোরো খেতে সেচ দেওয়া যাচ্ছে না। পাশাপাশি সাধারণ গ্রাহকেরা ভোগান্তি পোহাচ্ছেন। একই কারণে এইচএসসি পরীক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে।নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস)-২ লালপুর আঞ্চলিক কার্যালয় ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ঈশ্বরদী কার্যালয় সূত্রে জানা গেছে, ১৭ মার্চ ঈশ্বরদী উপকেন্দ্রের দুটি ট্রান্সফরমার অকেজো হয়ে যায়। ফলে লালপুর উপজেলার বিভিন্ন স্থানে ওই দিন থেকে ব্যাপক লোডশেডিং চলছে। এখন সর্বোচ্চ চাহিদার সময়ে (পিকআওয়ার) সাত মেগাওয়াট চাহিদার বিপরীতে দুই মেগাওয়াট এবং কম চাহিদার সময়ে (অফ পিকআওয়ার) তিন মেগাওয়াটের বিপরীতে এক মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। পবিসর লালপুর কার্যালয় সূত্রে জানা গেছে, এ কার্যালয়ের আওতায় ২৬৪টি সেচপাম্প, একটি চিনিকলসহ মোট ২০ হাজার ৩০৯ জন গ্রাহককে সংযোগ দেওয়া হয়েছে। দিন-রাত মিলিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ছয়-সাত ঘণ্টাই বিদ্যুৎ থাকে না। এতে কলকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। একই সঙ্গে বিদ্যুৎ না থাকায় সাধারণ গ্রাহকেরাও ভোগান্তি পোহাচ্ছেন। পবিসর লালপুর কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম-বাণিজ্যিক) সিরাজুল হক জানান, বরিশাল উপকেন্দ্র থেকে ট্রান্সফরমার সংগ্রহ করে ঈশ্বরদী উপকেন্দ্রে স্থাপন করা হবে। এতে প্রায় দেড় মাস সময় লাগতে পারে। তবে এ সময়ে বর্তমান বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়ন সম্ভব হবে না।