ট্রান্সফরমার বিকল ছয় দিন, ডিমলায় গ্রাহকদের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় নীলফামারীর ডিমলা উপজেলা শহরের পাঁচ শতাধিক গ্রাহক ছয় দিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। উপজেলার বাবুরহাট বাজারের সরকারি খাদ্যগুদামের সামনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ট্রান্সফরমারটি বিকল থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে ট্রান্সফরমারটি বিকল হয়ে যায়। এতে উপজেলার ছয়টি গ্রাম ও ছয়টি বেরকারি সংস্থার কার্যালয়, শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান, নয়টি চালকল, দুটি সিনেমা হল, একটি করে পেট্রলপাম্প ও ব্যাংক এবং তিন শতাধিক বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ডিমলার ইউএনও মিজানুর রহমান জানান, জরুরি ভিত্তিতে বিকল ট্রান্সফরমারটি মেরামতের জন্য বিদ্যুৎ বিভাগকে বলা হয়েছে। কিন্তু এটি কত দিনে চালু করতে পারবেন, তা তাঁরা সঠিকভাবে বলছেন না। এমনকি আবাসিক প্রকৌশলীকে ফোন করেও পাওয়া যাচ্ছে না। ডোমার ও ডিমলার আবাসিক প্রকৌশলী বেলাল উদ্দিন মুঠোফোনে বলেন, ‘নতুন কোনো ট্রান্সফরমার নেই। আমি এটি মেরামতের জন্য দিনাজপুর ওয়ার্কশপে পাঠিয়েছি। কিন্তু এটি মেরামত করতে কত দিন সময় লাগবে, সেটা এখনো বলা যাচ্ছে না।’