ট্রান্সফরমার বিকল জাতীয় গ্রিডে সরবরাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৩২ কেভি ক্ষমতার একটি ট্রান্সফরমার ফেটে গেছে। ফলে গত বুধবার বিকেল থেকে জাতীয় গ্রিডে ৭০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা সূত্রে জানা গেছে, ১৯৬৮ সালে স্থাপিত এ বিদ্যুৎকেন্দ্রের নয়টি ইউনিটের মধ্যে অনেক আগেই সাতটি ইউনিট বন্ধ হয়ে গেছে। ৩০ মেগাওয়াট ও ৪০ মেগাওয়াট ক্ষমতার দুটি (৮ ও ৯ নম্বর ইউনিট) ইউনিট চালু ছিল। এ দুটি থেকে জাতীয় গ্রিডে প্রতিদিন ৭০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হতো। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে ওই ইউনিট দুটির ট্রান্সফরমারের বুসিং ইনস্যুলেটর ফেটে আগুন ধরে যায়। পরে নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক ধুর্জটি প্রসাদ সেন বলেন, তাঁদের কাছে পুরোনো একটি বুসিং ইনস্যুলেটর রয়েছে। সেটি মেরামত করে লাগানোর চেষ্টা চলছে।
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইউনিট দুটি চালু করা সম্ভব হয়নি।