ট্রান্সফরমার বিকল দুই হাজার মানুষ বিপাকে
গরম বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে পানির চাহিদাও। এ অবস্থায় পাঁচ দিন ধরে ট্রান্সফরমার বিকল হয়ে থাকায় শাকসবজিসহ অন্যান্য ফসল নষ্টের মুখে। বারবার আবেদন-নিবেদন করলেও ট্রান্সফরমার মেরামত হয়নি এখনো। ফলে বিপাকে পড়েছেন বগুড়ার শিবগঞ্জের চকভোলাখাঁ ও আশপাশের মহল্লার প্রায় দুই হাজার মানুষ। চকভোলাখাঁ মহল্লার আরেফিন হক বলেন, ‘তাড়াতাড়ি বিদ্যুৎ পেতে আট হাজার ৭০০ টাকা বিদ্যুৎ বিভাগকে দিতে হবে বলে সুলতান হোসেন নামের একজন কর্মচারী জানিয়েছেন। বাধ্য হয়ে গ্রামবাসীর কাছ থেকে চাঁদা তুলে সেই টাকা সংগ্রহ করেছি। দেখা যাক এখন কবে বিদ্যুৎ পাওয়া যায়।’ বিদ্যুৎ কার্যালয়ের কর্মচারী সুলতান হোসেন জানান, অন্য জায়গা থেকে এখানে ট্রান্সফরমার নিয়ে আসতে সব মিলে ওই টাকা খরচ হবে।এলাকাবাসী জানান, চকভোলাখাঁ মহল্লায় থাকা ট্রান্সফরমার থেকে চকভোলাখাঁ, ডারারপাড়, কালীবাড়ি, আচলাই ও কামারপাড়া মহল্লার বাড়িগুলোতে বিদ্যুতের সংযোগ রয়েছে। এখান থেকে বিদ্যুৎ দিয়ে ওই এলাকার খেতে সেচও দেওয়া হয়। কিন্তু গত সোমবার থেকে ওই ট্রান্সফরমারটি বিকল হয়ে থাকায় এলাকার মানুষের প্রাণ ওষ্ঠাগত। স্থানীয় বিদ্যুতের কার্যালয়ে বিষয়টি যতবারই জানানো হয়েছে, ততবারই ‘এই পাল্টে দিচ্ছি, দেব’ করে কাটিয়ে দিচ্ছে। পরে জানানো হয়েছে আট হাজার ৭০০ টাকা দিলে অন্য জায়গা থেকে ট্রান্সফরমার এনে দ্রুত বিদ্যুতের সরবরাহ করা সম্ভব। আর টাকা না দিলে ১৫ থেকে ২০ দিন লেগে যেতে পারে। চকভোলাখাঁ গ্রামের মোজাহার আলী জানান, এলাকার অনেক মানুষ সবজি চাষ করে সংসার চালান। পাঁচ দিন হলো এলাকায় বিদ্যুৎ নেই। তাপমাত্রা যে হারে বাড়ছে, পানি না দিলে সব ফসল মাঠেই মারা পড়বে। শিবগঞ্জ বিদ্যুৎ কার্যালয়ের আবাসিক প্রকৌশলী ফরিদুল আলম বলেন, ওই গ্রামে দ্রুত বিদ্যুৎ দেওয়ার জন্য সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।