ট্রান্সফরমার বিকল, বিদ্যুৎ নেই নেত্রকোনা শহরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা পৌর শহরের নাগড়া এলাকায় ট্রান্সফরমার বিকল হয়ে পড়ায় বিদ্যুতের প্রায় সাড়ে তিন হাজার গ্রাহককে দুর্ভোগ পোহাতে হচ্ছে। গত বুধবার রাত ১১টা থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ প্রতিবেদন তৈরি করা পর্যন্ত এ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
নেত্রকোনা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নিয়ন্ত্রণ কেন্দ্রের সুইচ বোর্ড এজেন্ট মো. আবদুল মজিদ গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রথম আলোকে বলেন, শহরে ছয়টি ফিডারে (লাইন) ৩৫ হাজারের মতো গ্রাহক রয়েছেন। ৩ নম্বর লাইনটির ট্রান্সফরমার বুধবার রাতে নষ্ট হয়ে যাওয়ায় ওই এলাকা বিদ্যুৎহীন রয়েছে। নতুন করে ট্রান্সফরমার বসিয়ে বিদ্যুৎ–সংযোগ দেওয়া হবে। এ জন্য কিছুটা সময় লাগবে।
এলাকাবাসী ও পিডিবি সূত্রে জানা যায়, বুধবার রাত ১১টার দিকে ৩ নম্বর ফিডারে হঠাৎ করে ভোল্টেজ কমে যায়। এতে বিদ্যুৎ সরবরাহ আংশিক সচল থাকলেও বাতি, পাখা ও রেফ্রিজারেটরসহ বৈদ্যুতিক সব যন্ত্রের কাজ অচল হয়ে পড়ে।
রাত সাড়ে ৩টার পর থেকে ওই এলাকা একবারে বিদ্যুৎহীন হয়ে পড়ে। বিদ্যুতের লোকজন বৃহস্পতিবার দিনভর কাজ করেও লাইন সচল করতে পারেননি। বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে শিশু-বৃদ্ধসহ গ্রাহকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সন্ধ্যা সাতটার দিকে নাগড়া জেলা পরিষদের সামনের এলাকার বাসিন্দা রানী বিশ্বাস বলেন, ‘আমি শ্বাসকষ্টের সমস্যায় নিয়মিত বাসায় নেবুলাইজার নিয়ে থাকি। বিদ্যুৎ না থাকায় শ্বাসকষ্টের সমস্যায় নেবুলাইজার নিতে পারছি না।’
একই এলাকার আরেক বাসিন্দা আইনজীবী পূরবী কুণ্ডু বলেন, বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন থাকায় ফ্রিজে থাকা মাছ-মাংসসহ বিভিন্ন জিনিস নষ্ট হয়ে গেছে। পানির অভাবে গোসল, রান্নাবান্নাসহ বিভিন্ন কাজ করতে সমস্যা হচ্ছে। শিক্ষার্থীদের লেখাপড়াও ব্যাহত হচ্ছে।
গতকাল সন্ধ্যা সাতটার দিকে পিডিবির সহকারী প্রকৌশলী হাসনাইন জামান প্রথম আলোকে বলেন, ‘আমি ময়মনসিংহ থেকে নতুন ট্রান্সফরমার নিয়ে গাড়িতে করে রওনা হয়েছি। আশা করা যাচ্ছে, আজ (বৃহস্পতিবার) রাত ১১টার মধ্যেই যন্ত্রটি স্থাপন করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে।’