ট্রান্সফরমার বিকল, সেচ বন্ধ নষ্ট হচ্ছে বোরোখেত
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পাঁচ দিন ধরে বিকল থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমার মেরামত না হওয়ায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। সেচের পানির অভাবে বোরোখেতগুলো ক্ষতিগ্রস্ত হলেও বিদ্যুৎ বিভাগের টনক নড়ছে না।
উল্টো বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে বিকল ট্রান্সফরমার মেরামত করতে কৃষকদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসী জানান, উপজেলার টংভাঙ্গা ও নওদাবাস ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম (একাংশ), পশ্চিম নওদাবাস ও শ্যামের বাজার গ্রামের জন্য ব্যবহূত বৈদ্যুতিক ট্রান্সফরমারটি গত শুক্রবার বিকেলে হঠাৎ করেই বিকল হয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে হাতীবান্ধা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কার্যালয়ে জানানো হলেও গতকাল বুধবার পর্যন্ত ট্রান্সফরমারটি মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। মেরামতের জন্য বিদ্যুৎ বিভাগ থেকে গ্রামের মানুষের কাছ থেকে ২০০ থেকে ৫০০ টাকা করে চাঁদা তোলা হচ্ছে। এ পর্যন্ত প্রায় ৩৫ হাজার টাকা স্থানীয় বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তাকে দেওয়া হয়েছে বলে জানান তাঁরা।
পশ্চিম বেজগ্রামের জাহাঙ্গীর আলম বলেন, ‘পাঁচ দিন ধরে অন্ধকারে পড়ে আছি। সে কারণে বিকল ট্রান্সফরমার চালু করতে ২০০ টাকা চাঁদা দিয়েছি।’
একই এলাকার কৃষক মিঠু মিয়া বলেন, সেচের অভাবে তাঁর বোরোখেত নষ্ট হয়ে যাচ্ছে। তাই ফসল বাঁচাতে তিনি ৫০০ টাকা চাঁদা দিয়েছেন।
গতকাল সকালে সরেজমিনে দেখা গেছে, ওই তিনটি গ্রামের কয়েক শ একর বোরোখেত সেচের অভাবে শুকিয়ে গেছে। সেখানে সচ্ছল কৃষকদের কয়েকজন শ্যালো ইঞ্জিন দিয়ে সেচের ব্যবস্থা করলেও বেশির ভাগ কৃষকই সেচ দিতে পারছেন না।
পশ্চিম নওদাবাস এলাকার কৃষক নূর ইসলাম বলেন, এ বছর এক একর জমিতে তিনি বোরো চাষ করেছেন। খেতে ইতিমধ্যে ধানের শিষ আসা শুরু করেছে। ট্রান্সফরমার বিকল হওয়ায় পাঁচ দিন ধরে সেচ দিতে পারছেন না। এতে তাঁর খেতগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ওই এলাকার রঞ্জন রায়, সামশুল হকসহ বেশ কয়েকজন কৃষক একই ধরনের অভিযোগ করেছেন।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, এই মুহূর্তে বোরো খেতে পানির কোনো বিকল্প নেই। তাই সময়মতো ওই খেতগুলোতে সেচ দেওয়া না গেলে ফসলের ক্ষতি হবে।
কৃষকদের কাছে টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে গতকাল হাতীবান্ধার আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী আবদুল মতিন বলেন, ‘ট্রান্সফরমার মেরামতে কিছু টাকাপয়সা খরচ হয়। এ ছাড়া বিকল ট্রান্সফরমার মেরামতে প্রায় ১৫ দিন সময় লাগে। এর পরও কৃষকদের জন্য একটি ট্রান্সফরমারের ব্যবস্থা করতে আমি রংপুর বিভাগীয় কার্যালয়ে যাচ্ছি।’