ট্রান্সফরমার বিকল হওয়ায় দেড় মাস বিদ্যুৎবিহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সফরমার বিকল হওয়ায় প্রায় দেড় মাস ধরে নীলফামারী ডিমলা উপজেলা সদরের চার শতাধিক গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। ফলে স্থানীয় প্রায় ১৫টি কারখানা, দুটি সিনেমা হলসহ বেশ কিছু প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে তীব্র দুর্ভোগের শিকার হচ্ছেন গ্রাহকেরা।এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট ডিমলা উপজেলা শহরের সরকারি খাদ্য গুদামসংলগ্ন ট্রান্সফরমারটি বিকল হয়ে যায়। এরপর থেকেই এলাকার ১০টি চালকল, দুটি তেলকল, তিনটি কাঠ চেরাই কারখানা (স মিল) বন্ধ রয়েছে। একই সঙ্গে দুর্ভোগের শিকার হচ্ছেন চার শতাধিক আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক।স্থানীয় কাঠ চেরাই কারখানার মালিক আবদুল গফুর সরকার বলেন, ২৮ আগস্ট ট্রান্সফরমারটি বিকল হওয়ার পর বিদ্যুৎ বিভাগ ৩০ আগস্ট সেটি মেরামতের জন্য নিয়ে যায়। এরপর ৩০ সেপ্টেম্বর ট্রান্সফরমারটি পুনরায় স্থাপন করা হয়। ওই দিন ট্রান্সফরমারটি চালু করার সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়ে সেটি আবারও বিকল হয়ে যায়।ডোমার উপজেলা পিডিবির আবাসিক প্রকৌশলী বেলাল হোসেন বলেন, একটি ট্রান্সফরমার মেরামতের জন্য পাঠানো হয়েছে। আগামী বৃহস্পতিবার নাগাদ সেটি সেখানে স্থাপন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।