ট্রান্সফরমার বিগড়ে যাওয়া পিডিবির প্রধান সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ-পরিস্থিতি নিয়ে চট্টগ্রামে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, বৃহত্তর চট্টগ্রামে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রধান সমস্যা ট্রান্সফরমার বিগড়ে যাওয়া। এ সমস্যার সমাধান না হলে বিদ্যুতের উৎপাদন বাড়লেও গ্রাহকেরা এর সুফল পাবে না।গতকাল বুধবার নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বিভাগীয় পর্যায়ের এ মতবিনিময় ও পরামর্শ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ-সচিব আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিডিবির চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির ও পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান ভূঁইয়া শফিকুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. সিরাজুল হক খান।সভায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাসহ ৪৫ জন বক্তব্য দেন। আলোচনা থেকে জানা যায়, চট্টগ্রাম বিভাগে ফেনী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার বিদ্যুতের সরবরাহ ভালো। তবে বৃহত্তর চট্টগ্রাম, কক্সবাজার ও খাগড়াছড়ির বিদ্যুতের পরিস্থিতি বেশি খারাপ।উপজেলা চেয়ারম্যানরা বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের পাশাপাশি পল্লী বিদ্যুৎ সমিতির অসহযোগিতা ও ক্ষেত্রবিশেষে দুর্ব্যবহারের অভিযোগ করেন। তাঁরা অবিলম্বে এসব কর্মকর্তার প্রত্যাহার দাবি করেন। চট্টগ্রামের ব্যবসায়ী নেতারা বলেন, ট্রান্সফরমার নষ্ট হওয়ার কারণে বিভিন্ন এলাকায় চার দিন থেকে সর্বোচ্চ ২০ দিন পর্যন্ত বিদ্যুতের সংযোগ বন্ধ থাকে। এতে তাঁদের অনেক বিদেশি ফরমায়েশ বাতিল হয়েছে। তাঁরা চট্টগ্রামে অবিলম্বে পর্যাপ্ত ট্রান্সফরমার মজুদের দাবি জানান।পিডিবির চেয়ারম্যান আলমগীর কবির বলেন, ব্যবসায়ীরা অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করেন বলে ট্রান্সফরমার নষ্ট হয়। তবে একটি ট্রান্সফরমার নষ্ট হওয়ার পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যেই যাতে সেটি পুনঃস্থাপন করা হয়, তা নিশ্চিত করা হবে। তিনি গ্রাহকসেবা নিশ্চিত করতে পিডিবির প্রকৌশলীদের প্রতি অনুরোধ জানান।