ট্রান্সফরমার মেরামত ও বিদ্যুৎ সরবরাহের দাবিতে ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকল হওয়া ট্রান্সফরমার মেরামত এবং বিদ্যুৎ সরবরাহের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক কার্যালয় ঘেরাও করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে পৌর শহরের মনিরামপুর বাজারের ব্যবসায়ীরা কার্যালয়টি ঘেরাও করেন। বিদ্যুৎ গ্রাহকেরা জানান, বৃহস্পতিবার বিকেলে ঝড়ে শাহজাদপুর পৌর শহরের মনিরামপুর বাজারে ৫০ কেভি ক্ষমতার একটি ট্রান্সফরমার বিকল হয়ে যায়। এতে শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ওই দিনই ব্যবসায়ীরা বিষয়টি পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) আঞ্চলিক কার্যালয়কে জানান। তিন দিন হলেও ট্রান্সফরমারটি মেরামত না করায় ব্যবসায়ীরা গতকাল সকালে আঞ্চলিক কার্যালয়ে যান। এ সময় কর্তৃপক্ষ ট্রান্সফরমার মেরামতের জন্য তাঁদের কাছে টাকা চায়। এ খবর ছড়িয়ে পড়লে বাজারের ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে ট্রান্সফরমার মেরামত এবং বিদ্যুৎ সরবরাহের দাবিতে পবিসের ওই কার্যালয় ঘেরাও করেন। একপর্যায়ে কর্তৃপক্ষ বিনা খরচে ট্রান্সফরমার মেরামত করে গতকালের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানায়। এতে ব্যবসায়ীরা ঘেরাও তুলে নেন। পবিসের শাহজাদপুর কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) রমেন্দ্র চন্দ্র রায় দাবি করেন, অতিরিক্ত লোডের কারণে ট্রান্সফরমারটি নষ্ট হতে পারে। এ জন্য গ্রাহকদের কাছ থেকে মেরামত খরচ নেওয়ার বিধান রয়েছে। এ কারণেই মেরামত খরচ চাওয়া হয়েছে। গ্রাহকেরা ট্রান্সফরমার মেরামতের টাকা পরে দেবেন বলে আশ্বাস দিয়েছেন। এ কারণে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার নির্দেশ দেওয়া হয়েছে।