ট্রান্সফরমার মেরামতের নামে চাঁদা আদায়, তবু নেই বিদ্যুৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর শহরে বিকল বৈদ্যুতিক ট্রান্সফরমার মেরামতের নামে গ্রাহকদের কাছ থেকে চাঁদা আদায় করা হচ্ছে। বিদ্যুৎ বিভাগের কর্মীরা এই চাঁদা আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। চাঁদা নেওয়ার পরও ট্রান্সফরমার বিকল থাকায় শহরের ঢেলাপীর ও ধলাগাছ এলাকায় গত এক সপ্তাহ ধরে বিদ্যুৎ নেই।ট্রান্সফরমার সারানোর জন্য গ্রাহকদের কাছে অর্থ আদায় বিধিসম্মত কি না জানতে চাইলে নাম না প্রকাশ করার শর্তে পিডিবির একজন কর্মকর্তা জানান, বৈদ্যুতিক কোনো সরঞ্জাম ক্ষতিগ্রস্ত ও মেরামতের প্রয়োজন দেখা দিলে দপ্তরই সেই অর্থ ব্যয় করবে। কোনোক্রমেই গ্রাহকের কাছ থেকে অর্থ আদায় বিধিসমঞ্চত নয়। এটা অবশ্যই দুর্নীতির শামিল। যাঁরা করছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।স্থানীয় লোকজন জানান, এই শহরের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছয়টি ফিডার আছে। এগুলোর আওতায় ১৪৫টি ট্রান্সফরমার আছে। সারা শহরে গ্রাহক আছে প্রায় ৩০ হাজার। দীর্ঘদিন আগে এসব ট্রান্সফরমার লাগানো হয়েছে। এ কারণে শহরের ১০০ ট্রান্সফরমারের অবস্থা খারাপ। জোড়াতালি দিয়ে এসব সচল রাখা হয়েছে। যেকোনো সময় ওই ট্রান্সফরমারগুলো বিকল হতে পারে। বিশেষ করে বজ্রপাত হলে এ রকম সমস্যা হওয়ার আশঙ্কা বেশি থাকে।গত বুধবার ঢেলাপীর ও ধলাগাছ এলাকায় গিয়ে দেখা গেছে, ওই এলাকার চার শতাধিক বিদ্যুৎ গ্রাহকের বাসায় ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ নেই।এলাকাবাসী জানায়, গত এক সপ্তাহ ধরে ওই দুই এলাকার ট্রান্সফরমার বিকল হয়ে আছে। ট্রান্সফরমার দুটি মেরামতের জন্য গ্রাহকেরা টাকাও দিয়েছেন। কিন্তু আজও এগুলো ঠিক করা হয়নি। গত চার মাস আগেও ঢেলাপীরে একটি ট্রান্সফরমার বিকল হয়। ওই সময় বিদ্যুৎকর্মীরা গ্রাহকদের কাছ থেকে ১৪ হাজার টাকা চাঁদা তোলেন। ঢেলাপীরের গ্রাহক হামিদুর রহমান বলেন, ট্রান্সফরমারটি এক দিনের মধ্যে ঠিক করে দেওয়ার শর্তে তিনি এক বিদ্যুৎ কর্মীকে ১৬ হাজার টাকা দিয়েছেন। কিন্তু এক সপ্তাহেও ট্রান্সফরমার ঠিক হয়নি। ওই এলাকার বিদ্যুৎ গ্রাহক শামসুল হক অভিযোগ করেন, বিকল ট্রান্সফরমার মেরামতের নামে পিডিবির সৈয়দপুর বিতরণকেন্দ্রের আবাসিক প্রকৌশলী তাঁর লোক দিয়ে চাঁদা আদায় করেন। বারবার যেনতেনভাবে মেরামত করা হচ্ছে। এ কারণে দুই মাসের মধ্যে পুনরায় বিকল হয়ে যাচ্ছে ট্রান্সফরমারটি। একইভাবে ধলাগাছ এলাকার ট্রান্সফরমারটিও বিকল হয়। ওই এলাকার ট্রান্সফরমারটি দুই মাস আগে বিকল হয়েছিল। এক সপ্তাহ আগে সেটি পুনরায় বিকল হয়ে যায়।ধলাগাছের বাসিন্দা এরশাদ হোসেন বলেন, ‘পিডিবির লোককে দুই মাস আগে ট্রান্সফরমার মেরামতের জন্য ১৪ হাজার টাকা দিয়েছিলাম। ওই ট্রান্সফরমার আবার বিকল হলে এবার ১৬ হাজার টাকা দাবি করা হয়। বাধ্য হয়ে লাইনম্যান আবুল খায়েরের হাতে ওই টাকাও দিই।’পিডিবির কর্মী (লাইনম্যান) আবুল খায়ের বলেন, ‘ট্রান্সফরমার মেরামত ও পরিবহনে কিছু অর্থের প্রয়োজনীয়তা দেখা দেয়। এ কারণে আবাসিক প্রকৌশলী (আরই) সাহেবের নির্দেশে আট হাজার টাকা নিয়েছি।’ সৈয়দপুর বিদ্যুৎ বিতরণকেন্দ্রের আবাসিক প্রকৌশলী (নির্বাহী) রফিকুল ইসলাম বলেন, ‘ট্রান্সফরমার মেরামতের নামে চাঁদা আদায়ের সঙ্গে আমি জড়িত নই। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’