ট্রান্সফরমারে আগুন, রাজধানীর একাংশে বিদ্যুৎ-বিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীবাগে বিতরণ উপকেন্দ্রের ট্রান্সফরমারে আগুন লাগায় গতকাল সোমবার সারা দিন রাজধানীর একাংশে বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় ঘটে। সকাল সোয়া আটটার দিকে কারিগরি কারণে হঠাৎ ওই আগুন লাগে। উপকেন্দ্রটি ও বিপর্যয়ে পড়া এলাকাগুলো ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) আওতাধীন।ডিপিডিসির পরিচালক (অপারেশন) মিজানুর রহমান জানান, উপকেন্দ্রের তিনটি ট্রান্সফরমারের একটির ভোল্টেজ রেগুলেটরে আগুন লাগার সঙ্গে সঙ্গে অন্য দুটি ট্রান্সফরমারও স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিসের সঙ্গে উপকেন্দ্রের কর্মীরা মিলে আধা ঘণ্টার মধ্যে আগুন নিভিয়ে ফেলেন। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।১৩২/৩৩ হাজার ভোল্টের ওই উপকেন্দ্রের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, বারডেম ও ইব্রাহিম কার্ডিয়াক সেন্টার, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, সচিবালয়, পুলিশ সদর দপ্তর, কারওয়ান বাজার, কাকরাইল, নয়াপল্টন, পুরানা পল্টন, তোপখানা রোড, ধানমন্ডির একাংশ প্রভৃতি এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়।অগ্নিকাণ্ডের ফলে এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সকাল নয়টার দিকে নারিন্দা থেকে বিকল্প ব্যবস্থায় সচিবালয় ও পুলিশ সদর দপ্তরে বিদ্যুৎ সরবরাহ করা হয়। ওই দুটি স্থানে প্রায় পৌনে এক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। বেলা সোয়া ১১টার দিকে একটি ট্রান্সফরমার চালু করা সম্ভব হলে উপরিউক্ত হাসপাতালগুলোতে সরবরাহ শুরু হয়। ইতিমধ্যে ওই প্রতিষ্ঠানগুলোতে দুই ঘণ্টারও বেশি গ্রিডের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। তবে এ সময় ওই প্রতিষ্ঠানগুলো নিজস্ব জেনারেটর চালিয়ে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক রাখে।চালু হওয়া একটি ট্রান্সফরমার ও কিছু বিকল্প ব্যবস্থায় গতকাল বিকেল সোয়া পাঁচটা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলোতে ঘন ঘন লোডশেডিং করে বিদ্যুৎ সরবরাহ চালু রাখা হয়। এর আগে কারওয়ান বাজারসহ কোনো কোনো এলাকায় টানা কয়েক ঘণ্টা বিদ্যুৎ ছিল না। তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাবে টানা কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় এবং পরেও সারা দিন ঘন ঘন লোডশেডিং চলতে থাকায় পানির সমস্যা দেখা দেয়। বিকেল সোয়া পাঁচটার দিকে উপকেন্দ্রের আরেকটি ট্রান্সফরমার চালু করা সম্ভব হয়। ফলে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি সত্ত্বেও গতকাল সন্ধ্যায় সর্বোচ্চ চাহিদার সময় গ্রিন রোড, কারওয়ান বাজার, ইন্দিরা রোড, তোপখানা রোড, ধানমন্ডির একাংশসহ উপকেন্দ্রটির আওতাধীন এলাকায় ঘন ঘন লোডশেডিং হয়।