ট্রান্সফরমারে আগুন, বন্ধ শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রের ট্রান্সফরমারে গতকাল আগুন ধরে যায় l ছবি: জুয়েল শীল
চট্টগ্রামের শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রের ট্রান্সফরমারে গতকাল আগুন ধরে যায় l ছবি: জুয়েল শীল

ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের কারণে চট্টগ্রামের পটিয়ার শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ হয়ে গেছে। গতকাল রোববার বেলা তিনটা ১৮ মিনিটে ৬০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রটির বাইরের ওই ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে। এই ট্রান্সফরমারের মাধ্যমে দক্ষিণ চট্টগ্রামে বিদ্যুৎ বিতরণ করা হতো। অগ্নিকাণ্ডে পাশের আরেকটি ট্রান্সফরমারও ক্ষতিগ্রস্ত হয়েছে।
অগ্নিকাণ্ডের পর দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার পাশাপাশি বান্দরবান ও কক্সবাজারে প্রায় তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
পিডিবির প্রধান প্রকৌশলী (বিতরণ দক্ষিণ অঞ্চল) মো. আজাহারুল ইসলাম বলেন, বিকল্প ব্যবস্থায় গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে জানায়, ট্রান্সফরমারটি ছিল বিদ্যুৎকেন্দ্রের বাইরে। ১৩২/৩৩ কেভি ক্ষমতাসম্পন্ন এই ট্রান্সফরমারে আগুন লাগার পর প্রথমে কেন্দ্রের অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে নেভানোর চেষ্টা করা হয়। পরে চট্টগ্রাম নগর ও পটিয়া থেকে ফায়ার সার্ভিসের সাতটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তারা পানি ও কার্বন-ডাই-অক্সাইড গ্যাস দিয়ে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে আগুন নেভায়। তবে আধা ঘণ্টা পর সন্ধ্যা সোয়া ছয়টার দিকে পুনরায় ওই ট্রান্সফরমারটিতে আগুন জ্বলে ওঠে। পরে তা নিভিয়ে ফেলা হয়।
সরেজমিনে দেখা গেছে, আগুনে ট্রান্সফরমাটি দাউ দাউ করে জ্বলতে থাকে। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ফায়ার সার্ভিসকে আগুন নেভাতে সহযোগিতা করেন। আগুনে ট্রান্সফরমাটির ওপরে থাকা বৈদ্যুতিক সঞ্চালন লাইন গলে পড়ে যায়। পাশে থাকা ৩৩ কেভি ক্ষমতার আরেকটি ট্রান্সফরমারও এতে ক্ষতিগ্রস্ত হয়।