ট্রান্সফরমারের অভাবে গন্ডামারা ৪০ দিন বিদ্যুৎবিহীন
চাঁদপুরের হাইমচর উপজেলার গন্ডামারা গ্রামের একমাত্র বৈদ্যুতিক ট্রান্সফরমারটি ৪০ দিন ধরে বিকল রয়েছে। ফলে বিদ্যুৎ ছাড়াই দিন-রাত পার করছেন বাসিন্দারা। তা মেরামতের উদ্যোগ নিচ্ছে না পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। প্রতিবাদে গতকাল শুক্রবার গ্রামের বাসিন্দারা বিক্ষোভ মিছিল করেন।গ্রামের বাসিন্দারা জানান, বজ্রপাতের কারণে গত ১৩ জুন ট্রান্সফরমারটি বিকল হয়ে পড়ে। এরপর থেকে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে, বিশেষ করে দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হওয়ায় স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা অসুবিধায় পড়েছে। গন্ডামারা এবিএস ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র আলী হোসেন বলেছে, বিদ্যুৎ না থাকায় কুপি জ্বালিয়ে তাদের পড়াশোনা করতে সমস্যা হচ্ছে।একই অভিযোগ মধ্য গন্ডামারা প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র নোমান হোসেন, গন্ডামারা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র রিয়াদ হোসেনসহ অনেক শিক্ষার্থীর।গ্রামের বাসিন্দা শরীয়তুন্নেছা (৫৫) বলেন, ‘বিদ্যুৎ নাই, ফ্রিজে থাকা সবকিছু নষ্ট হইয়া গেছে। গরমে খুব কষ্ট হইতাছে।’ গ্রামবাসীর অভিযোগ, বিষয়টি স্থানীয় পল্লী বিদ্যুৎ কার্যালয়ে জানানোর পর তাঁরা ট্রান্সফরমার মেরামত বাবদ ২১ হাজার ১৪৫ টাকা গ্রাহকদের কাছে দাবি করেছেন। হাইমচর পল্লী বিদ্যুৎ অফিসের ইনচার্জ খলিলুর রহমান বলেন, ট্রান্সফরমারটি গত মাসে নষ্ট হয়ে যায় বলে গ্রামবাসী জানিয়েছে। তিনি দাবি করেন, মেরামত বাবদ যে টাকা চাওয়া হয়েছে, তা বৈধ।