ট্রান্সফরমারের জন্য...
নীলফামারীর ডোমার উপজেলার বেতগাড়া ধনচনপুর বাজারের কাছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) একটি ট্রান্সফরমার দুই মাস ধরে বিকল হয়ে আছে। এতে ওই এলাকার সহস্রাধিক মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে।এলাকাবাসীর অভিযোগ, বিদ্যুৎ বিভাগের উদাসীনতা ও খামখেয়ালির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এ ছাড়া বিদ্যুৎ বিভাগের লোকজনের দাবি অনুযায়ী টাকা দিতে রাজি না হওয়ায় তাঁরা ট্রান্সফরমারটি মেরামত করছেন না। এতে রমজান মাসে সারা দিন রোজা থাকার পর ইফতার করা, তারাবির নামাজ আদায় ও সেহির খাওয়ার সময় মুসল্লিরা কষ্ট পাচ্ছেন।শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, ট্রান্সফরমারটির নিচের জমিতে রোপণ করা ধানগাছ ট্রান্সফরমারের তেল পড়ে জ্বলে গেছে। বেতগাড়া গ্রামের আকবর আলী বলেন, ট্রান্সফরমারটি প্রায় চার মাস আগে ছিদ্র হয়। ট্রান্সফরমার থেকে তেল পড়ে যাওয়ার খবর দেওয়া হলে ডোমার থেকে পিডিবির লোকজন এসে সাবান দিয়ে ছিদ্র বন্ধ করে চলে যান । কিন্তু সাবান বেশি সময় না থাকায় আবারও তেল পড়া শুরু হয়। এভাবে তেল পড়তে পড়তে দুই মাস আগে ট্রান্সফরমারটি অচল হয়ে পড়ে। ১৫ দিন আগে পিডিবির ডোমার কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আনছার আলী এলাকায় এসে ট্রান্সফরমারটি দেখে বলেন, এটা সারাতে ১৫ হাজার টাকা লাগবে। গ্রাহকেরা ওই টাকা দিলে ঠিক করা হবে, না হলে সময় লাগবে। বেতগাড়া গ্রামের বুলবুল হোসেন বলেন, এই ট্রান্সফরমারে আওতায় ৮০টি আবাসিক, ৬০-৭০টি বাণিজ্যিক, ৩৮টি সেচপাম্প, দুটি মসজিদ ও একটি এতিমখানায় বিদ্যুৎ বিতরণ করা হয়। গ্রামের সুধাসন রায় জানান, তিন মাস ধরে বিদ্যুৎ না থাকলেও তাঁকে বিল দিতে হয়েছে।পিডিবি ডোমার কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আনছার আলী গ্রাহকদের কাছে টাকা চাওয়ার কথা অস্বীকার করেছেন।পিডিবি ডোমার কার্যালয়ের আবাসিক প্রকৌশলী নির্মল কুমার রায় বলেন, ট্রান্সফরমারটি মেরামতের জন্য নির্বাহী প্রকৌশলীর কাছে নোটশিট পাঠানো হয়েছে। নির্দেশনা পেলে মেরামত করা হবে।