ট্রান্সফরমারের দাবিতে চট্টগ্রামে পিডিবি কার্যালয়ে ভাঙচুর
বিক্ষুব্ধ গ্রাহকেরা গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কালুরঘাট বিক্রয় ও বিতরণ কেন্দ্র ভাঙচুর করেছেন। তাঁরা পিডিবির একটি গাড়ির কাচ, বিভিন্ন কক্ষের দরজা-জানালা এবং কার্যালয়ের বাইরে আসবাবপত্র ভাঙচুর করেন। ট্রান্সফরমার নষ্ট হওয়ার পাঁচ দিন পরও তা মেরামত না করায় এ ভাঙচুর চালানো হয়েছে বলে জানা গেছে। জানা গেছে, পরিস্থিতি মোকাবিলায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। ভাঙচুরের ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন মো. সেলিম, নিজাম উদ্দিন, আবদুল করিম, তৈয়বুর রহমান ও মো. সাইফুদ্দিন। তাঁদের সবার বাড়ি চান্দগাঁও থানার মৌলভী পুকুরপাড়ে। পুলিশ জানায়, ভাঙচুরের ঘটনায় কালুরঘাট বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী উদয় শেখর দত্ত বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, মঙ্গলবার সকালে ১৫০-২০০ লোক জোর করে পিডিবির কালুরঘাট কার্যালয়ে ঢুকে গাড়ি ও ভবনের কাচ ভাঙচুর ও কর্মচারীদের মারধর করে। এ বিষয়ে জানতে উদয় শেখর ও চট্টগ্রাম পিডিবির প্রধান প্রকৌশলী সুজিত চাকমার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। মৌলভী পুকুরপাড় এলাকার ব্যবসায়ী মো. সালাহউদ্দিন অভিযোগ করেন, এখানকার একটি ট্রান্সফরমার পাঁচ দিন ধরে নষ্ট। এলাকাবাসী বিষয়টি পিডিবির কালুরঘাট বিক্রয় ও বিতরণ কেন্দ্রকে জানিয়েও কোনো লাভ হয়নি। স্থানীয় গ্রাহকেরা অভিযোগ করেন, ইতিপূর্বে একাধিকবার ট্রান্সফরমার নষ্ট হয়। পিডিবির প্রকৌশলীরা গ্রাহকদের কাছ থেকে নগদ টাকা নিয়ে ট্রান্সফরমার মেরামত করে দেন। দুই-তিন মাস যেতে না যেতেই সেটি আবার নষ্ট হয়। তাই এবার গ্রাহকেরা টাকা দিতে অস্বীকার করেন। টাকা না দেওয়ায় ট্রান্সফরমারও আর মেরামত হয় না। একপর্যায়ে গ্রাহকেরা গতকাল সকালে ক্ষুব্ধ হয়ে কালুরঘাট বিক্রয় ও বিতরণ বিভাগ ঘেরাও ও ভাঙচুর করেন। পাঁচলাইশ থানার কর্তব্যরত সহকারী উপপরিদর্শক তসলিমা জান্নাত প্রথম আলোকে বলেন, সকালে পিডিবি কার্যালয়ে ভাঙচুর চলাকালে পুলিশ পাঁচজনকে আটক করে। রাতে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।