ট্রান্সফরমারের দাবিতে ডোমারে বিদ্যুৎ অফিস ভাঙচুর
ট্রান্সফরমার পুনঃস্থাপনের দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ডোমার আবাসিক প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে ভাঙচুর করেছেন শতাধিক বিক্ষুব্ধ কৃষক।ডোমার উপজেলার বাগডোকরা গ্রামের কৃষক দেলোয়ার হোসেন বলেন, ‘উপজেলার আজিজারের হাট এলাকায় ২০০ কেভি করে দুটি ট্রান্সফরমার ছিল। দেড় মাস আগে একটি ট্রান্সফরমার বিকল হয়। আমরা বিদ্যুৎ অফিসকে জানালে তারা ট্রান্সফরমার মেরামতের জন্য ১৬ হাজার টাকা দাবি করে। আমরা সবাই মিলে ওই টাকা জোগাড় করে আবাসিক প্রকৌশলীকে দিলে তিনি ট্রান্সফরমারটি খুলে নিয়ে যান এবং ১০০ কেভির একটি পুরোনো ট্রান্সফরমার স্থাপন করে দেন। কিন্তু ওই ট্রান্সফরমারের লো-ভোল্টেজের কারণে সেচ পাম্প চলছে না। এতে বাগডোকরা ও জোড়াবাড়ী গ্রামের ২০০ একর বোরো খেত ক্ষতিগ্রস্ত হচ্ছে।’ঘেরাও হওয়ার কথা স্বীকার করে ডোমার পিডিবির অবাসিক প্রকৌশলী বেলাল উদ্দিন বলেন, ১০০ কেভি ট্রান্সফরমার স্থাপন করে বিকল ট্রান্সফরমার মেরামতের জন্য পাঠানো হয়েছে। সেটি আগামী সপ্তাহে পাওয়া যাবে। তিনি বলেন, কৃষকেরা মনে করছেন, ১০০ কেভি ট্রান্সফরমারের কারণে তাঁরা ভোল্টেজ পাচ্ছেন না। আসলে সেটি ট্রান্সফরমারের জন্য নয়, সিস্টেমের কারণে হচ্ছে।