ট্রান্সফরমারের দাবিতে পল্লী বিদ্যুতের কার্যালয়ে ভাঙচুর
পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস)-১-এর কার্যালয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতারা ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পাবনার চাটমোহর উপজেলা সদরে অবস্থিত ওই কার্যালয়ে গত বৃহস্পতিবার তাঁরা ট্রান্সফরমার স্থাপনের দাবিতে এ হামলা চালিয়েছেন। এ ঘটনায় আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মধ্যশালিকা গ্রামে ১ জুন পবিসের একটি ২০ কেভি ট্রান্সফরমার বিকল হয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এলাকাবাসী গত কয়েক দিন ধরে পুরাতন ট্রান্সফরমারটি সরিয়ে ওই স্থানে একটি নতুন ট্রান্সফরমার বসানোর জন্য পবিসের কাছে দাবি জানিয়ে আসছেন। পবিস নতুন ট্রান্সফরমার বাবদ এলাকাবাসীর কাছে ১২ হাজার টাকা দাবি করে।এলাকাবাসী আরও জানান, বৃহস্পতিবার দুপুর ১২টায় মধ্যশালিকা গ্রামের বাসিন্দা এবং চাটমোহর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মির্জা রেজাউল করিম লোকজন নিয়ে পবিসের কার্যালয়ে আসেন। এ সময় দুলাল মির্জা পবিসের লোকজনকে তাৎক্ষণিকভাবে একটি নতুন ট্রান্সফরমার লাগিয়ে দিতে বললে তাঁরা টাকা চান। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ভাঙচুরের ঘটনা ঘটে।পবিস-১-এর মহাব্যবস্থাপক আবদুল মতিন জানান, ওই এলাকায় বসতবাড়িতে ব্যবহারের জন্য একটি ২০ কেভি ট্রান্সফরমার বসানো ছিল। এলাকাবাসী হাঁস-মুরগির খামার ও সেচপাম্প চালানোর কারণে এখন অতিরিক্ত বিদ্যুৎ প্রয়োজন হওয়ায় ট্রান্সফরমারটি বিকল হয়ে গেছে। চাহিদা বেড়ে যাওয়ায় ওই এলাকায় এখন একটি ৪৭ কেভি ট্রান্সফরমার বসাতে হবে। নিয়মানুযায়ী এ ট্রান্সফরমার বাবদ ওই এলাকার গ্রাহকদের ১২ হাজার টাকা দিতে হবে। সেই টাকা চাওয়ার কারণেই এলাকাবাসীর পক্ষে আওয়ামী লীগের নেতারা তাঁদের ওপর চড়াও হন।উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মির্জা রেজাউল করিম জানান, পবিসের পক্ষ থেকে মিথ্যা অভিযোগ করা হয়েছে। ট্রান্সফরমার বাবদ কর্তৃপক্ষ অতিরিক্ত টাকা চাওয়ায় তাঁদের সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে, তবে কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি।চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম জানান, ভাঙচুরের ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় পবিসের মহাব্যবস্থাপক ২৫ জনকে আসামি করে থানায় দ্রুত বিচার আইনে মামলা করেছেন। এ ঘটনায় ওই রাতেই আশরাফুল ইসলাম নামে আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে ।