ট্রান্সমিটারের খুঁটিতে ঈদের পোশাকের ব্যবসা!
সিলেট নগরের বন্দরবাজার এলাকার ফুটপাতের ওপর স্থাপিত বৈদ্যুতিক ট্রান্সমিটারের খুঁটি ঘেঁষে অস্থায়ীভাবে কাপড়ের দোকান খুলেছেন বেশ কয়েকজন ব্যবসায়ী। খুঁটির আশপাশে অনেকটা বিপজ্জনকভাবে জড়িয়ে রয়েছে বৈদ্যুতিক তার। সেসব তারে হ্যাঙ্গার ঝুলিয়ে তাতে কাপড় রেখে নির্বিঘ্নে ব্যবসা করছেন ওই ব্যবসায়ীরা। যেকোনো মুহূর্তে ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা থাকলেও এ নিয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কোনো উদ্যোগ নেই বলে একাধিক ভাসমান ব্যবসায়ী জানিয়েছেন। গতকাল শনিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, বন্দরবাজার এলাকার দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই ফুটপাতে দুটি ট্রান্সমিটার রয়েছে। এসব ট্রান্সমিটারের খুঁটিসংলগ্ন ফুটপাত অবৈধভাবে দখল করে তিনটি দোকান করা হয়েছে। দোকান তিনটির আশপাশে বৈদ্যুতিক তার ও ট্রান্সমিটার স্থাপনের লম্বা লোহা সমান্তরালভাবে রয়েছে। এসব তার ও লোহাকে ব্যবসায়ীরা কাপড় টানানোর মাধ্যম হিসেবে ব্যবহার করছেন। এ ব্যাপারে এসব দোকানের ব্যবসায়ীদের প্রশ্ন করা হলে তাঁরা নিজেদের নাম-পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করেন। তাঁরা অভিন্ন সুরে বলেন, ঈদবাজার সামনে রেখে দোকানগুলো অস্থায়ীভাবে বসানো হয়েছে। ঈদ শেষ হলেই দোকানের কার্যক্রম গুটিয়ে ফেলা হবে। তবে আশপাশের একাধিক ব্যবসায়ী জানান, কয়েক বছর ধরে ফুটপাত দখল করে দোকান বানিয়ে কিছু লোক ঝুঁকিপূর্ণভাবে ব্যবসা করে আসছেন। গতকাল দুপুরে নগরের লামাপাড়া এলাকার এনায়েত করিম নামের এক ক্রেতা বলেন, ‘আমরা মধ্যবিত্ত লোকজন এসব দোকান থেকে কেনাকাটা করি। এতক্ষণ কেনাকাটার ঝামেলায় বিপজ্জনক এ স্থানটি নজর এড়িয়ে গেছে। আপনার কথা শুনে ওপরে তাকিয়ে আতঙ্কে সরে এলাম। একটি সাদা বোর্ডে বিপজ্জনক কথাটি লেখা রয়েছে। অথচ অবলীলায় কীভাবে এ স্থানের নিচে বসে ওরা ব্যবসা করে চলেছে। যেকোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এটা কি দেখার কেউ নেই?’সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর আজিজুর রহমান জানান, বিষয়টি তাঁর জানা নেই। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে বিদ্যুৎ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী (ডিভিশন-১) রতন কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘প্রত্যেকটি ট্রান্সমিটারের পাশে “বিপজ্জনক” শব্দটি লেখা থাকে। এ ট্রান্সমিটার থেকে নিরাপদ দূরত্বে থাকতে সাধারণ মানুষের থাকার নির্দেশনাও থাকে। এভাবে দোকান তৈরি হওয়ায় ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্যই ঝুঁকিপূর্ণ। বিষয়টি খোঁজ নিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’