কুমিল্লার দাউদকান্দি উপজেলায় এক ট্রাকচালককে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়েছেন হাইওয়ে পুলিশের এক কনস্টেবল। গতকাল বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সময় ট্রাফিক আইন লঙ্ঘন করে বিপরীত পথ দিয়ে ট্রাক চালানোয় চালককে পেটানো হয়।
খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনাস্থলে এসে কনস্টেবল নূরুল আমিনকে তাৎক্ষণিকভাবে কুমিল্লা পুলিশ লাইনসে প্রত্যাহার করেন এবং আহত ট্রাকচালকের চিকিৎসার দায়িত্ব নেন।
হাইওয়ে পুলিশ ও যানবাহনের যাত্রীরা জানান, গতকাল ভোর পাঁচটার দিকে দাউদকান্দির জিংলাতলীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামগামী একটি ট্রাকের চাকা ফেটে বিকল হয়ে পড়ে। এর আধা ঘণ্টা পর মহাসড়কের মাধাইয়া এলাকায় আরেকটি ট্রাক বিকল হয়। ছয়টার দিকে পেন্নাই এলাকায় বালুর মধ্যে ঢাকাগামী একটি ট্রাক আটকে পড়ে। এক ঘণ্টার মধ্যে দাউদকান্দিতে তিনটি ট্রাক বিকল হওয়ায় মহাসড়কের স্বল্পপেন্নাই এলাকা থেকে চান্দিনার গোমতা এলাকা পর্যন্ত ১২ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন চালক ও যাত্রীরা।
ওই যানজট নিয়ন্ত্রণ করতে গিয়ে সকাল থেকে হাইওয়ে পুলিশের সদস্যদের হিমশিম খেতে হয়। সকাল সোয়া আটটার দিকে গৌরীপুর এলাকায় চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রাকের চালক আবদুল হাফেজ (৫০) হাইওয়ে পুলিশের বাধা অতিক্রম করে বিপরীত দিক দিয়ে চট্টগ্রাম যাওয়ার চেষ্টা করেন। উত্তেজিত পুলিশ কনস্টেবল নূরুল আমিন লাঠি দিয়ে চালককে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা কামরুন নাহার বলেন, ট্রাকচালকের বাঁ হাতের আঙুলে কেটে গেছে। চারটি সেলাই করে দেওয়া হয়েছে। তাঁকে একটি এক্স-রে করতে বলা হয়েছে।