ট্রাফিক আইন ভাঙলেই অজান্তে ভিডিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্কিংয়ের জায়গা নয়, তবু গাড়ি পার্ক করছেন? ভালো করে দেখুন আশপাশে ভিডিও ক্যামেরা হাতে অপেক্ষা করছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। অবৈধ পার্কিং, উল্টো পথে চলা বা অন্য যেকোনোভাবে আইন ভাঙলেই আপনার ঠিকানায় পৌঁছে যাবে একটি চিঠি। জরিমানা নিশ্চিত। হেলাফেলা করে লাভ নেই। সে মামলার খবর যাবে বিআরটিএর সার্ভারেও। জারিমানা না দিলেই ফিটনেস ছাড়পত্র বন্ধ।
আসাদ অ্যাভিনিউতে একবার ‘ভিডিও মামলা’য় পড়েছিলেন নিয়ামত উল্লাহ। সড়কে রেখেই মোহাম্মদপুর টাউন হল বাজারে গিয়েছিলেন। সপ্তাহখানেকের মধ্যেই তাঁর মালিকের কাছে চিঠি পৌঁছে যায়। তিনি বলেন, ‘১০ মিনিটের জন্য গেছি। বুঝি নাই যে চিঠি যাইব। এরপর থেকে দেখেশুনে পার্কিং করি।’
অবৈধ পার্কিং, উল্টো পথে চলা বা ট্রাফিক আইন ভঙ্গ করলে ডিএমপি ট্রাফিকের চারটি বিভাগেই সার্জেন্টরা যানবাহনের গতিবিধি পর্যবেক্ষণ করে ভিডিও করছেন। তাৎক্ষণিকভাবে কিছু বলতে না পারলে জরিমানার চিঠি মালিকের ঠিকানায় পৌঁছে দেন। এটাকে ট্রাফিক বিভাগ ‘ভিডিও মামলা’ বলে। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মোসলেহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, প্রায় দুই বছর আগে এটা শুরু হয়েছে। তবে গত জুন (২০১৬) থেকে বিশেষভাবে অভিযান চলে। প্রতিটা বিভাগের মিডিয়া ইউনিটে এর জন্য ডেডিকেটেড লোক আছে। তিনি আরও বলেন, ভিডিও বা ছবি তোলার জন্য তাঁদের বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। সরবরাহ করা হয় আলাদা ক্যামেরা। মামলা বাড়ানোর জন্য নয়, সচেতনতা সৃষ্টি ও সংশোধনের জন্য এ ব্যবস্থা। ‘ভিডিও মামলা’র প্রয়োগ বেশি হয় ট্রাফিক পশ্চিম ও উত্তরে। পূর্ব ও দক্ষিণে তুলনামূলক কম। মামলার চিঠি পাওয়ার পরও যদি কেউ গ্রাহ্য না করে, তবে তাঁর বিআরটিএর ফিটনেস ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে। কারণ, সবকিছুর কপিই বিআরটিএর কাছে পাঠানো হয়।
ঢাকা ট্রাফিক উত্তর অঞ্চলের সিনিয়র সহকারী কমিশনার (প্রশাসন) সাইকা পাশা প্রথম আলোকে বলেন, মাসে তাঁদের দুই থেকে তিন শ ‘ভিডিও মামলা’ হয়। ভিডিওচিত্র বা ছবি তোলার সময় এমনভাবে নিতে হবে, যেন তা বোঝা যায়, এটা অপরাধ। চিঠি পেয়ে কেউ চ্যালেঞ্জ করলে তাঁকে প্রমাণ দেখানো হয়। এই কাজের জন্য নির্দিষ্ট সার্জেন্টরা নিয়মিত পরিদর্শনের ওপর থাকেন। বেশির ভাগই চিঠি পেয়ে আসেন। গাড়ির মালিকেরা নিজেদের ভুল বুঝতে পারেন। তিনি জানালেন, কেউ এর বিরোধিতা করেননি এখন পর্যন্ত।
খোঁজ নিয়ে দেখা যায়, এখানেও মাসে দুই-তিন শ ‘ভিডিও মামলা’ হয়। যেসব এলাকায় পার্কিং সমস্যা আছে এবং মানুষের অভিযোগের ভিত্তিতে বিভিন্ন এলাকায় গিয়ে তাঁরা পরিদর্শন করেন। মানুষের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে এ বিভাগের একজন বলেন, প্রায়ই অনেক বড় বড় পদের লোকজনের গাড়ি অবৈধ পার্কিংয়ে থাকে বা উল্টো পথে চলে। সার্জেন্টরা অনেক সময় কিছু বলতে পারেন না। এ ব্যবস্থার ফলে তাঁদের কাছে এখন চিঠি চলে যাচ্ছে সরাসরি।