ট্রাফিক আইন মেনে চলতে চট্টগ্রামে বন্ধুসভার প্রচারণা

চট্টগ্রাম নগরের তিনটি গুরুত্বপূর্ণ মোড়ে নিরাপদ সড়ক ও ট্রাফিক আইন সম্পর্কে রাস্তায় চলাচলকারী ব্যক্তিদের সচেতন করতে প্রচারণা চালালেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। আইন মেনে গাড়ি চালানো, রাস্তা পার হওয়া, ব্যক্তিগত গাড়ির চালক ও যাত্রীদের সিট বেল্ট বাঁধার জন্য উদ্বুদ্ধ করেছেন তাঁরা।
গতকাল শনিবার বেলা সোয়া ১১টা থেকে সোয়া একটা পর্যন্ত নগরের জিইসি মোড়, প্রবর্তক মোড় ও ষোলশহর ২ নম্বর গেট এলাকায় এ প্রচারণা চালানো হয়। প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজ কর্মসূচির অংশ হিসেবে এ প্রচারণা চালায় চট্টগ্রাম বন্ধুসভা।
নগরের তিন মোড়ে প্রথমে মানববন্ধন করেন বন্ধুসভার সদস্যরা। এ সময় তাঁদের হাতে ছিল ‘নিরাপদ সড়ক চাই’, ‘সিট বেল্ট বাঁধুন’, ‘ফুটওভার ব্রিজ ব্যবহার করুন’, ‘সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি’, ‘যত্রতত্র গাড়ি পার্ক করবেন না’—এ ধরনের স্লোগান লেখা বিভিন্ন প্ল্যাকার্ড। মানববন্ধন শেষে তাঁরা পথচারী ও গাড়ির চালক-যাত্রীদের কাছে গিয়ে ট্রাফিক আইন মেনে চলার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।
প্রথম আলো বন্ধুসভা চট্টগ্রামের সহসভাপতি ফাহিম উদ্দিন বলেন, দুই ঘণ্টার প্রচারণায় পথচারী ও চালকেরা ইতিবাচক মন্তব্য করেছেন। এমনকি মোড়গুলোতে ট্রাফিক পুলিশের সদস্যরাও বন্ধুসভার এই প্রচারণার প্রশংসা করেছেন।
সচেতনতামূলক এই প্রচারণায় অন্যদের মধ্যে অংশ নেন বন্ধুসভা চট্টগ্রামের অনুষ্ঠানবিষয়ক সম্পাদক মিনহাজ হোসাইন, পাঠাগারবিষয়ক সম্পাদক অদিতি মজুমদার, যোগাযোগবিষয়ক সম্পাদক ফয়সাল রহমান, দপ্তর সম্পাদক ইব্রাহিম তানভীর প্রমুখ।