ট্রাফিক আইন মেনে চলতে সচেতনতামূলক কার্যক্রম
কাকলী বাসস্ট্যান্ড। রাস্তার দুপাশে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে দাঁড়ানো। প্ল্যাকার্ডগুলোতে লেখা: ‘রাস্তা পারাপারে ফুটওভারব্রিজ ব্যবহার করুন’, ‘জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হবেন না’, ‘রাস্তা পারাপারের সময় মোবাইলে কথা বলবেন না’, ‘ট্রাফিক সিগন্যাল মেনে চলুন’—এমন অনেক সচেতনতামূলক বাণী। শিক্ষার্থীদের সঙ্গে আছেন ট্রাফিক পুলিশের কর্মকর্তারাও। মুখে বলে, হ্যান্ডমাইকে ঘোষণা করে, প্ল্যাকার্ড দেখিয়ে লোকজনকে সচেতন করা হচ্ছে। কিন্তু এত কিছুর পরও এসবের তোয়াক্কা না করে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে দৌড় দিয়ে ব্যস্ত সড়ক পার হচ্ছে। এদের আবার নিয়ে আসা হচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাফিক উত্তর বিভাগের উপপুলিশ কমিশনারের কাছে। তিনি তাদের বোঝাচ্ছেন, সচেতন করছেন। কথা শেষ হলে পরে নিয়ম মেনে চলার অনুরোধ জানিয়ে হাতে দিচ্ছেন একটি করে চকলেট।
গতকাল বৃহস্পতিবার এমন করেই গুলশান ট্রাফিক জোনের কাকলী বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ, জেব্রা ক্রসিং ও ফুটপাত ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে ট্রাফিক উত্তর বিভাগ। বেলা ১১টা থেকে ট্রাফিক উত্তরের উপপুলিশ কমিশনার প্রবীর কুমার রায় পিপিএম সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এই কার্যক্রমের নেতৃত্ব দেন।
প্রবীর কুমার রায় প্রথম আলোকে বলেন, ‘ইদানীং সড়ক দুর্ঘটনার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এর একটি কারণ হচ্ছে যত্রতত্র পথচারী পারাপার। যাত্রীরা হঠাৎ করে দৌড়ে রাস্তা পার হয়। এতে দুর্ঘটনা যেমন হচ্ছে, তেমনি যানবাহনের স্বাভাবিক গতি কমে যাওয়ার কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। পথচারী পারাপারের জন্য যেহেতু ফুটওভার ব্রিজ আছে, তাহলে কেন আমরা ঝুঁকি নিয়ে রাস্তার মাঝপথ দিয়ে পার হব?’ তিনি আরও বলেন, ‘ট্রাফিক ব্যবস্থাপনার অংশ হিসেবে আমরা ট্রাফিক আইন সম্পর্কে জনগণকে সচেতন করতে এই কার্যক্রম গ্রহণ করেছি।’ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ট্রাফিক আইন মেনে চলতে জনসচেতনতামূলক এই কার্যক্রম প্রতি সপ্তাহে দুই দিন করে চলবে।
কার্যক্রমে অংশ নেওয়া সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনের একাদশ সেমিস্টারের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের সবার নিয়ম মেনে চলা উচিত।’ কেমন লাগছে জানতে চাইলে সাইফুল বলেন, ‘আগে নিজেই রাস্তা পারাপারে অনিয়ম করতাম। এখন সবাইকে সচেতন করার কাজটি করতে পেরে বেশ ভালো লাগছে।’
কার্যক্রমে গুলশান ট্রাফিক জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নাজমুল আলম, উত্তরা ট্রাফিক জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার খোরশেদ আলম, গুলশানের সহকারী পুলিশ কমিশনার নুসরাত জাহান, বাড্ডার সহকারী পুলিশ কমিশনার ফেরদৌসী রহমান এবং সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থী অংশ নেন।