শিক্ষাপ্রতিষ্ঠানে বিআরটিসির বাস হস্তান্তর
ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক দুর্ঘটনা রোধ এবং যানজট নিরসনে ট্রাফিক আইন সম্পর্কে জনগণকে সচেতন করে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে বিআরটিসি বাসের চাবি তুলে দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের গণমাধ্যমসহ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ট্রাফিক আইন সম্পর্কে গণসচেতনতা গড়ে তুলতে হবে।’ তিনি বিআরটিসি বাসের সংখ্যা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘আমাদের সরকারি খাতে বাসের সংখ্যা বাড়াতে হবে, যাতে বেসরকারি বাস যখন-তখন ভাড়া বৃদ্ধি করে মানুষের দুর্ভোগ বাড়াতে না পারে।’শেখ হাসিনা বলেন, ‘জনগণ যাতে সহনীয় ভাড়ায় পরিবহনসেবা পেতে পারে, সে লক্ষ্যে আমাদের বিআরটিসি বাসের সংখ্যা বৃদ্ধি করে সরকারি ও বেসরকারি পরিবহনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে।’ তিনি বলেন, সব সময় মুনাফার কথা ভাবা ঠিক নয়; বরং জনগণকে কীভাবে উন্নত পরিষেবা দেওয়া যায় তা বিবেচনায় নিতে হবে।পরে প্রধানমন্ত্রী ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে বিআরটিসি বাসের চাবি হস্তান্তর করেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: ঢাকা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের উপাচার্য ও অধ্যক্ষেরা প্রধানমন্ত্রীর হাত থেকে বাসের চাবি গ্রহণ করেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান ও প্রধানমন্ত্রীর প্রেস-সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।