ট্রাফিক আইনকে যুগোপযোগী করার আহ্বান রাষ্ট্রপতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান নিরাপদ সড়ক নিশ্চিত করতে বিদ্যমান ট্রাফিক আইনকে যুগোপযোগী করার আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার বঙ্গভবনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন। এ ছাড়া তিনি মহান বিজয় দিবস, ঈদুল আজহা, ঈদুল ফিতর ও দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় পুলিশ-সদস্যদের ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা রক্ষায় আরও দায়িত্বশীল ভূমিকা পালনে পুলিশের প্রতি আহ্বান জানান। রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের সময় পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করেন আইজিপি। হাসান মাহমুদ খন্দকার বলেন, দেশের আইনশৃঙ্খলা উন্নয়নের পাশাপাশি ধর্মীয় জঙ্গিবাদ কার্যকরভাবে দমনের লক্ষ্যে পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে। তিনি আসন্ন পুলিশ সপ্তাহ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। আগামী ৬ জানুয়ারি পুলিশ সপ্তাহ শুরু হওয়ার কথা রয়েছে।রাষ্ট্রপতি বলেন, মানুষের উন্নয়ন ও কল্যাণে যেকোনো কর্মসূচিতে তাঁর সর্বাত্মক সহযোগিতা থাকবে। বৈঠকের সময় রাষ্ট্রপতির সচিব মোহাম্মদ শফিউল আলম ও সামরিক সচিব মেজর জেনারেল আবুল কালাম মো. হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। বাসস।