ট্রাফিক কনস্টেবলকে কান ধরালেন বিচারপতি
সিগন্যালে লালবাতি জ্বলে ওঠায় একদিকের গাড়ি আটকে দেন ট্রাফিক কনস্টেবল। এই ‘অপরাধে’ ওই কনস্টেবলকে জনসমক্ষে কান ধরিয়েছেন এক বিচারপতি। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর কদমফুল ফোয়ারা (হাইকোর্ট) ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে কনস্টেবল হারুন অর রশীদ শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।থানা সূত্র জানায়, জিডিতে উল্লেখ করা হয়েছে, গতকাল সকাল ১০টার দিকে জাতীয় ঈদগাহের সামনে কর্তব্য পালন করছিলেন হারুন। এ সময় উত্তর সিগন্যালের লালবাতি জ্বলে ওঠায় সেদিকের যান চলাচল বন্ধ করে দক্ষিণ পাশের যান ছেড়ে দেওয়া হয়। উত্তর সিগন্যালে এ সময় এক বিচারপতির গাড়ি (ঢাকা মেট্রো গ ১৭-৫০৩১) আটকা পড়ে যায়। পরে ওই গাড়ির আরোহী বিচারপতি তাঁর দেহরক্ষী পুলিশ সদস্যকে দিয়ে ট্রাফিক কনস্টেবল হারুনকে ডেকে নেন।হারুনকে ওই বিচারপতি প্রশ্ন করেন, ‘তুমি কী কানা? বিচারপতির গাড়ি দাঁড়িয়ে আছে আর তুমি দক্ষিণ পাশের গাড়ি ছেড়েছ!’ এরপর ওই বিচারপতি ট্রাফিক কনস্টেবলকে কান ধরতে বলেন। কনস্টেবল হারুন তাঁর আদেশ মেনে জনসম্মুখে কান ধরেন। চলে যাওয়ার সময় ওই বিচারপতি বলেন, ‘বিচারপতি পছন্দ হয় না! জেলে পাঠিয়ে দেব।’