ট্রাফিক কনস্টেবলের লাঠির আঘাতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উপকণ্ঠ সাভারে ট্রাফিক কনস্টেবলের লাঠির আঘাতে উজ্জ্বল (৪০) নামের এক রিকশাচালক আহত হয়েছেন। তাঁকে সাভারের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, উজ্জ্বল গতকাল বিকেল পাঁচটার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে যাত্রী নিয়ে সাভার নামাবাজারের দিকে রওনা হন। এ সময় ঢাকার দিক থেকে আসা একটি ব্যক্তিগত গাড়ি তাঁর রিকশার কারণে থেমে যায়। এ কারণে কর্তব্যরত কনস্টেবল মুন্নু লাঠি দিয়ে উজ্জ্বলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। একপর্যায়ে উজ্জ্বল অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়লে কনস্টেবল মুন্নু সেখান থেকে চলে যান। পরে লোকজন উজ্জ্বলকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়।রিকশার মালিক মাসুম মোল্লা জানান, ক্লিনিকে ভর্তি করার প্রায় তিন ঘণ্টা পর উজ্জ্বলের জ্ঞান ফেরে। লাঠির আঘাতে তাঁর কান, মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ফুলে গেছে। ট্রাফিক কনস্টেবল মুন্নুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘লাঠি ছাড়া রিকশাচালকদের ঠিক রাখা যায় না। তবে উজ্জ্বলের ওপর আঘাতটা একটু বেশি হয়ে যাওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন।’ট্রাফিক সার্জেন্ট আবুল হোসেন বলেন, উজ্জ্বলকে আঘাত করে মুন্নু অন্যায় করেছেন। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।