ঢাকা-খুলনা মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে গোপালগঞ্জের কাশিয়ানী-মুকসুদপুর জোনের ট্রাফিক পরিদর্শক শাহনেওয়াজসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে তদন্ত চলছে।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন, কাশিয়ানী-মুকসুদপুর ট্রাফিক জোনের পরিদর্শক শাহনেওয়াজ, টিএসআই নুরুল আমিন, হাবিলদার কান্তি সাহা, রফিকুল ইসলাম ও কনস্টেবল সরোয়ার হোসেন।
পুলিশ জানায়, ঈদের সময় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে যানবাহন থেকে চাঁদা আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তরের নির্দেশে গত ২৫ জুলাই ওই পাঁচজনকে প্রত্যাহার করে গোপালগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এ ঘটনার পর গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার মনিরুল ইসলামকে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
মনিরুল ইসলাম জানান, রোজার ঈদে মানুষের বাড়ি ফেরার পথ সুগম করতে মহাসড়কে গাড়ি না থামানোর জন্য ট্রাফিকসহ পুলিশের প্রতি বিশেষ নির্দেশ ছিল। এই নির্দেশ অমান্য করে ট্রাফিকের ওই কর্মকর্তারা কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে বিভিন্ন যানবাহন থামিয়ে চাঁদা আদায় করেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ সদর থেকে পাঠানো এক চিঠিতে পাঁচ-ছয়টি গাড়ির নম্বর উল্লেখ করে বলা হয়েছে, ওই মোড়ে গত ২৪ জুলাই ট্রাফিক পুলিশ এসব যানবাহন থামিয়ে তল্লাশি ও কাগজপত্র পরীক্ষার নামে হয়রানি করে চাঁদা আদায় করেছে।
মনিরুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির কাছে ওই গাড়ির নম্বরগুলো দিয়ে মালিকদের নাম-ঠিকানা চাওয়া হয়েছে। তবে তাঁদের মুঠোফোন নম্বর পাওয়া যাচ্ছে না। এ কারণে তদন্ত প্রতিবেদন দিতে বিলম্ব হচ্ছে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, এখনো ওই কর্মকর্তারা ও কনস্টেবল পুলিশ লাইনে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।