ট্রাফিক পুলিশকে মারধর ৮০টি অটোরিকশা আটক
বগুড়া শহরের সাতমাথায় গতকাল রোববার বিকেলে ব্যাটারিচালিত অটোরিকশার এক চালক ট্রাফিক পুলিশকে মারধর করেছেন। এ ঘটনার পর পুলিশ ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশা আটক অভিযান শুরু করেছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত পুলিশ প্রায় ৮০টি অটোরিকশা আটক করে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেল পাঁচটার দিকে শহরের সাতমাথায় সাবেক মাধু হলের সামনে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশ আবদুর রশিদ। এ সময় সেখানে বেশ কয়েকটি ব্যাটারিচালিত অটোরিকশা দাঁড়িয়ে থেকে যানজট সৃষ্টি করছিল। ওই ট্রাফিক পুলিশ অটোরিকশাগুলো সরিয়ে নিতে বলেন। এ ব্যাপারে ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের সঙ্গে বাগিবতণ্ডার একপর্যায়ে চালকেরা ট্রাফিক পুলিশ আবদুর রশিদকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। অবশ্য এর আগেই হামলাকারী চালকেরা চলে যান। এর পর থেকে সন্ধ্যা পর্যন্ত পুলিশ শহরে অভিযান চালিয়ে নির্বিচারে প্রায় ৮০টি অটোরিকশা আটক করে। নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি অভিযোগ করেন, শহরের সাতমাথা থেকে শুরু করে বিভিন্ন স্থানে অটোরিকশা থেকে ট্রাফিক পুলিশ চাঁদা নিয়ে থাকে। তাই শহরে তীব্র যানজট হয়। এ ব্যাপারে সাতমাথায় দায়িত্বরত সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল প্রথম আলোকে বলেন, ট্রাফিক পুলিশ চাঁদা তোলে কি না, তা তিনি জানেন না। তবে গতকাল বিকেলে দায়িত্ব পালন করার সময় এক ট্রাফিক পুলিশকে মারধর করায় অটোরিকশা আটক অভিযান শুরু করা হয়েছে।