চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী মোড়ে গতকাল বুধবার সকালে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশের কনস্টেবল জহির রায়হান (৩৮)। এ সময় চট্টগ্রাম শহরগামী একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। এই দুর্ঘটনাসহ গতকাল ও গত মঙ্গলবার দেশের সাতটি স্থানে সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। এ নিয়ে গত ৬২ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫৪৭।
প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও আঞ্চলিক কার্যালয়ের পাঠানো খবর:
আনোয়ারা থানা সূত্র জানায়, সকাল সাড়ে আটটায় ট্রাকচাপায় আহত জহির রায়হানকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ঈশিতা আইরিন বলেন, জহির রায়হানের পেটের ওপর দিয়ে ট্রাকটি চলে গেছে। এতে পেট ফেটে তিনি মারা যান।
ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) নজরুল ইসলাম বলেন, জহিরের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলায়। গতকাল রাতেই তাঁর লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। একই উপজেলায় কাঠবাহী একটি মিনি ট্রাকের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৪২) নিহত হয়েছেন। শোলকাটা এলাকায় বিকেলে এ ঘটনা ঘটে।
পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় সানাউর রহমান (৪০) নামের এক ট্রাকচালক নিহত ও দুই সহকারী আহত হয়েছেন। ছলিমপুর ইউনিয়নের জয়নগর তিন রাস্তার মোড়ে সকালে এ ঘটনা ঘটে।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সেলিম রেজা (২৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার রায়গঞ্জ এলাকার আবু হানিফের ছেলে সেলিম রেজা বিকাশের কর্মী।
মাগুরায় বাসচাপায় এক পথচারী মারা গেছেন। তাঁর নাম মো. সিরাজুল ইসলাম (৫৫)। গতকাল সকালে সদর উপজেলার হাজরাপুর ভাঙা ব্রিজ এলাকায় মাগুরা-ঝিনাইদহ সড়কে এ ঘটনা ঘটে। মাগুরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুর রউফ বলেন, সকালে ওই ব্যক্তি হাজরাপুর ভাঙা ব্রিজ এলাকায় সড়ক পার হওয়ার সময় একটি বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান।
খুলনা নগরের খালিশপুর বিআইডিসি সড়কে বাসের চাপায় পাটকলশ্রমিক মামুন (৩৫) নিহত হয়েছেন। গতকাল ভোরে এ ঘটনা ঘটে। নিহত মামুন ক্রিসেন্ট জুট মিলের ২ নম্বর ইউনিটের মেকানিক্যাল বিভাগের বদলি শ্রমিক ছিলেন। তিনি খালিশপুর নতুন কলোনি এলাকায় থাকতেন।
নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম (৩৫) নামের এক ট্রলি-শ্রমিক নিহত হয়েছেন। গতকাল রাতে শহরের বাইপাস মহাসড়কের ধলাগাছ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এর আগে গত মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক নিহত হয়েছেন। তাঁর নাম মো. রুবেল।