ট্রাফিক পুলিশের ডিজিটাল ডিসপ্লে বোর্ড অকার্যকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাফিক আইন সম্পর্কে জনগণকে সচেতন করতে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ রাজধানীর ৩১টি স্থানে ডিজিটাল ডিসপ্লে বোর্ড লাগিয়েছিল। যথাযথ রক্ষণাবেক্ষণ ও ব্যবহার না হওয়ায় অধিকাংশ ডিসপ্লে অকেজো হয়ে পড়েছে।
গতকাল রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ইংরেজি ‘টি’ বর্ণাকৃতির এ বোর্ডগুলোর কোনো কোনোটি পুরোপুরি বন্ধ। কোনোটিতে লেখা এলেও তা অস্পষ্ট। আবার লেখা অর্ধেক এসে মাঝপথে আটকে আছে। যানবাহনের চালক, যাত্রী ও পথচারীদের বিভিন্ন বিষয়ে সতর্কবার্তা দেওয়ার জন্য বোর্ডগুলো লাগানো হয়।
মিরপুর রোডের আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার সামনের ডিজিটাল ডিসপ্লে বোর্ডটি চলছে না। সেখানে কর্তব্যরত একজন সার্জেন্ট বলেন, অনেক দিন ধরেই এগুলো বন্ধ। ফার্মগেট, পরিবাগ, গুলিস্তানসহ বিভিন্ন স্থানের বোর্ডগুলোরও একই অবস্থা। ফার্মগেটে ফয়জুল ইসলাম নামের এক হকার বলেন, ‘বহুত আগে দেখছিলাম লাল লেখা যায়, এহন তো বন্ধ।’ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কার্যক্রমকে ডিজিটাল করতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়। এর আওতায় রাজধানীর বিভিন্ন স্থানে বসানো হয় বিশেষ ধরনের ক্যামেরা, ৩১টি ট্রাফিক ডিসপ্লে বোর্ডসহ নানা রকম আধুনিক সরঞ্জাম। ডিজিটাল ডিসপ্লে বোর্ডের কতগুলো সচল আছে,
ট্রাফিক সিগন্যাল পয়েন্টগুলোতে চারকোনা আকৃতির ছোট টাইমার কাউন্ট-ডাউন বসানো হয়েছিল। এগুলোর প্রায় সবই বন্ধ। বিশ্বব্যাংকের অর্থায়নে ২০১০-১১ অর্থবছরে ‘নির্মল বায়ু ও টেকসই পরিবেশ (কেইস)’ শীর্ষক প্রকল্পের আওতায় স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা গড়ে তুলতে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে সরঞ্জাম কেনা হয়। প্রকল্পের অধীনে ঢাকার দুই সিটি করপোরেশনের ৯২টি মোড় বা ইন্টারসেকশনে সোলার প্যানেল, টাইমার কাউন্ট-ডাউন, কন্ট্রোলার ও কেব্ল স্থাপন করা হয়। এই স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থাও বর্তমানে অকার্যকর।