রাজধানীর ফার্মগেটে গাড়ি রিকুইজিশন নিয়ে সংঘর্ষের ঘটনায় ট্রাফিক পুলিশের তিনজন সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মহানগর পুলিশের কমিশনারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই তিনজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ও দণ্ডবিধিতে মামলা করারও নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন ও বিচারপতি মো. দেলোয়ার হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।জানা যায়, ফার্মগেটে গাড়ি রিকুইজিশনের সময় ট্যাক্সিক্যাবের চালক রিপন খানকে পুলিশ সদস্যরা প্যান্ট খুলে লাঞ্ছিত করেছেন বলে গত ১৪ মে পত্রিকায় খবর প্রকাশিত হয়। এ ঘটনায় মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) জনস্বার্থে করা রিটের পরিপ্রেক্ষিতে ২৩ মে হাইকোর্ট জনস্বার্থ ছাড়া কোনো গাড়ি রিকুইজিশন না করতে সরকার ও পুলিশকে নির্দেশ দেন এবং রুল জারি করেন। একই সঙ্গে ‘রাজধানীতে গাড়ি রিকুইজিশন নিয়ে পুলিশ-ক্যাবচালক সংঘর্ষ: গ্রেপ্তার ৮’ শিরোনামে ১৪ মে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের সঙ্গে যে তিনজন পুলিশ সদস্যের ছবি প্রকাশিত হয়েছে, তাঁদের নাম, বর্তমান অবস্থান ও ক্যাবচালকের নাম-ঠিকানা আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়। এ অনুযায়ী তাঁদের নাম-ঠিকানা জমা দেওয়া হয়।এর পরিপ্রেক্ষিতে ৩ জুন আদালত তিন পুলিশ ও এক ক্যাবচালককে ৭ জুন (গতকাল) আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। এ অনুসারে গতকাল সকালে ফার্মগেট পুলিশ বক্সের কনস্টেবল কবির হোসেন, আবদুল মালেক ও তেজগাঁও পুলিশ বক্সের ট্রাফিক পুলিশ মোহাম্মদ আশরাফউদ্দিন ও ক্যাবচালক রিপন আদালতে হাজির হন। পুলিশের তিন সদস্যকে প্রায় চার ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয়। এরপর বিকেলে আদালত আদেশ দেন।এ সময় আদালতে রিটকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ ও সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন।মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, আদালত পাঁচ দফা নির্দেশনা দিয়েছেন। তিনজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া, দণ্ডবিধিতে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া পুলিশের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন সাত দিনের মধ্যে দাখিল করতে বলা হয়েছে। এ আদেশ বাস্তবায়নের অগ্রগতির প্রতিবেদন আগামী ১৫ দিনের মধ্যে দাখিল করতে আইজিপিকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ক্যাবচালক রিপনকে ঘটনার বিবরণ হলফনামা আকারে আদালতে দাখিল করতে বলা হয়েছে।