ট্রাফিক পুলিশের পাশে ৩০ তরুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুক্রবার রাত ৮টা। নগরের প্রবর্তক মোড়সংলগ্ন মিমি সুপার মার্কেটের সামনের রাস্তায় তখন তীব্র যানজট। ২০০ গজের মধ্যে ছয়জন ট্রাফিক পুলিশের সদস্য হিমশিম খাচ্ছেন সে জট ছাড়াতে। ফুটপাতেও বিপণিকেন্দ্রমুখী মানুষের ভিড়। এই বেহাল অবস্থার মধ্যেই ঝটপট রাস্তায় নেমে গেলেন ১৭ তরুণ। যানজট সামলাতে পুলিশের পাশে দাঁড়ালেন তাঁরা।

সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় পুলিশকে সহযোগিতা করতে গত বৃহস্পতিবার থেকে কাজ শুরু করেছেন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষার্থী। ২৪ জুন পর্যন্ত রাত ৮টা থেকে ১২টা—এই চার ঘণ্টা দুটি সড়কে ট্রাফিক পুলিশের সঙ্গে তাঁরা কাজ করবেন। তাঁরা সবাই স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ট্রাফিক অ্যাওয়ারনেস ক্লাবের সদস্য। নাসিরাবাদ মিমি সুপার মার্কেট, আফমি প্লাজার সামনের সড়কে ১৭ জন ও জিইসি এলাকার সানমার ওশান সিটির সামনে ১৩ তরুণ দায়িত্ব ভাগ করে নিয়েছেন।

গতকাল রাত সোয়া ৯টার দিকে মিমি সুপার মার্কেটের সামনে সড়কে দেখা গেল গাড়ির জটলা। যানজটের মধ্যে দাঁড়িয়ে শাহনেওয়াজ তন্ময়, আমজাদুল হক, ইফরাজ মাহমুদ, জোবায়ের হাসান খানসহ কয়েকজন তরুণ গাড়িগুলোর চলাচল নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন।

স্বেচ্ছাসেবী এই তরুণদের একজন শাহনেওয়াজ তন্ময়। প্রথম আলোকে তিনি বলেন, পবিত্র রমজান মাসে নগরে যানজট বেড়ে যায়। তাই ট্রাফিক পুলিশকে সহযোগিতা করতে স্বেচ্ছায় তাঁরা রাস্তায় নেমেছেন। এই কাজ করতে তাঁদের ভালো লাগে।

শাহনেওয়াজের পাশেই রাস্তায় যানজট নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা নগর ট্রাফিক পুলিশের সদস্য অপু বড়ুয়া বলেন, তরুণ ভাইয়েরা স্বেচ্ছায় যানজট নিরসনের জন্য কাজ করছেন। এতে তাঁরা উপকৃত হচ্ছেন।

এটিকে ভালো উদ্যোগ বলে প্রশংসা করলেন মিমি সুপার মার্কেটের নিরাপত্তাকর্মী সাদ্দাম হোসেনও। তিনি বলেন, মার্কেটের প্রবেশমুখে রাস্তায় গাড়ি দাঁড় না করাতে তাঁদের অনুরোধ চালকেরা কানে নিতেন না। কিন্তু ওই তরুণেরা রাস্তায় নামার পর গাড়ি আর প্রবেশমুখে দাঁড়াতে পারছে না।

আফমি প্লাজার সামনে একইভাবে যানজট নিরসনে কাজ করছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইফরাজ মাহমুদ। পূর্ব নাসিরাবাদে সানমার ওশান সিটির সামনে গাড়িচালকদের রাস্তায় না দাঁড়াতে অনুরোধ করেন জোবায়ের হাসান খান নামের এক তরুণ। জোবায়ের বলেন, যানজটে পড়া মানুষের দুর্ভোগ কিছুটা কমাতে পারলেই তাঁদের পরিশ্রম সার্থক হবে।

বাংলাদেশ ট্রাফিক অ্যাওয়ারনেস ক্লাবের সাধারণ সম্পাদক রিদউয়ান উর রহমান খান বলেন, ২০১৪ সাল থেকে ট্রাফিক সচেতনতায় কাজ করে যাচ্ছেন তাঁরা।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) দেবদাস ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, মিমি সুপার মার্কেট, আফমি প্লাজা ও সানমার ওশান সিটির সামনের রাস্তায় যানজট বেশি থাকে। এ জন্য এসব এলাকায় ট্রাফিক পুলিশকে স্বেচ্ছায় সহযোগিতা শুরু করেছেন ৩০ জন শিক্ষার্থী। এতে যানজট কিছুটা হলেও কমছে।